দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫০ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৪ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে মৃত ২৫ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে সর্বোচ্চ ১৩ জন মারা যান। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৫৭০ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









