পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শনিবার (১১ জুলাই) র্যাব সূত্রে জানা গেছে, দুপুরে পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা তাজু মোল্লার ব্রিজের পশ্চিম পাশের এলাকা থেকে ভুক্তভোগী ওই নারীকে কৌশলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ আট বছর ধরে তিনি তার বড় বোনের বাড়িতে বসবাস করে আসছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় মরিয়ম বেগম (৩৩) নামে এক নারী তাকে মজা খাওয়ানোর কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে আনোয়ার বয়াতী তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে একটি অটোরিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগীর বড় বোনের প্রতিবেশী ছিলেন মরিয়ম বেগম। সেই সূত্রে অভিযুক্ত আনোয়ার বয়াতীর সঙ্গে তার পরিচয় ছিল এবং তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
এ ঘটনায় গত ১০ জুলাই ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে বাউফল থানায় আনোয়ার বয়াতী ও মরিয়ম বেগমকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর একই দিন মরিয়ম বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “মামলার পরপরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-৮ অভিযানে প্রধান আসামি আনোয়ার বয়াতীকে পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে বাউফল থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









