নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। জেলার মধ্যে এটিই সর্বোচ্চসংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড।
রবিবার (১২ জুলাই) প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪০ জন বৃত্তি লাভ করে অনন্য এই কৃতিত্ব অর্জন করেছে।
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই এই সাফল্য উদ্যাপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









