গ্রামাঞ্চলে চিকিৎসকের সংকট দূর করে উন্নত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে যেন চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়, কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতককে প্রতিরোধযোগ্য কারণে হারাতে না হয়। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসা পান না। তবে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে এলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি জানান, বাংলাদেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র শূন্য দশমিক ৮৩ জন। ফলে একজন চিকিৎসককে এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ রোগীকে সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এ পরিস্থিতি আরও সংকটপূর্ণ।
তিনি আরও বলেন, প্রতি হাজার মানুষের বিপরীতে নার্সের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৪৯, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী চিকিৎসক হওয়া উচিত ২ দশমিক ২৮ জন এবং নার্স ১ দশমিক ৪৮ জন। এছাড়া সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে প্রতি ৬ হাজার ৫০০ মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক।
স্বাস্থ্যখাতের এই বাস্তবতা তুলে ধরে তরুণ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম দিয়ে দেশের মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।”
মেডিকেল শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক হিসেবে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার মধ্যেই রয়েছে প্রকৃত আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা ও সফলতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









