কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। এতে তাঁদের চলাচল সহজ হওয়াসহ জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান, পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপি নেতারা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, চলাফেরায় তার অনেক কষ্ট হতো। বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে তিনি উপকৃত হয়েছেন। এখন তার চলাচল আগের চেয়ে সহজ হবে।
আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরায় অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের এ উদ্যোগে তিনি অনেক উপকৃত হয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়; প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। জেলা পরিষদ মানবকল্যাণ ও এলাকার উন্নয়নে মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









