সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯০ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৬৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩১৯ জন। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহভাজন হাম রোগের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









