রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০-এ উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (১৭ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় বিধি-বিধান ও আর্থিক নিয়মকানুন প্রতিপালনের শর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যা সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।
জানা গেছে, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীত করতে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘‘আমি কথা দিয়েছিলাম, ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, সহজলভ্য ও মানসম্মত হবে।’’
প্রতিমন্ত্রী বলেন, ‘‘জনগণের প্রত্যাশা ও উন্নয়নের রাজনীতিকে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শন বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। ঢাকা-৯ আসনের মানুষের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে যাওয়ায় আমি তারুণ্যের আইডল প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
এসময় তিনি “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই মুগদা হাসপাতালের ওপর অতিরিক্ত রোগীর চাপ ছিল। শয্যা সংখ্যা দ্বিগুণ হলে মুগদা, বাসাবো, সবুজবাগ, মান্ডা, খিলগাঁও,গোড়ান, সিপাইবাগ, ত্রিমোহনীসহ আশপাশের এলাকার লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে হাবিবুর রশিদ হাবিব তার নির্বাচনী এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। এবার মুগদা হাসপাতালের শয্যা বৃদ্ধি সেই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৩০তম এবং রাজধানী ঢাকার চতুর্থ সরকারি মেডিকেল হিসেবে ২০১৫ সালে যাত্রা শুরু করে মুগদা মেডিকেল কলেজ। ৫০০ শয্যার এই হাসপাতাল ভবনটি ১৩ তলাবিশিষ্ট। প্রতিটি তলা প্রায় ৪৫০০০ বর্গ ফুট আয়তন নিয়ে নির্মিত। রোগীদের চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার সুবিধা বিদ্যমান।
এটির নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে এবং হাসপাতালটি উদ্বোধন করা হয় জুলাই, ২০১৩ সালে। ২০১৪ সালের শুরুর দিকে রোগী ভর্তি শুরু হয়। ২০১৫ সালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন।
কলেজের কাজ শুরু হয় ২০১৫ সালের জানুয়ারি মাসে। ২০১৬ সালে এমবিবিএস প্রথম বর্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রমের সূচনা হয় যা উন্নীত হয়ে বর্তমানে প্রতি বছর ১০০ জন করে ভর্তির সুযোগ পাচ্ছে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজে একাদশ ব্যাচের শিক্ষাদান করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









