ইরান যুদ্ধের কারণে নিজের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সে (ডোানাল্ড ট্রাম্প জুনিয়র) চেয়েছিল যে আমি তার (বিয়েতে) উপস্থিত থাকি। আমাকে সে বলেছিল যে এটা একদম ছোটোখাটো একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে এবং আমি যেন সেখানে থাকি।”
“আমি তাকে বলেছি, আমার জন্য এটা ভালো সময় নয়; এই মুহূর্তে আমি ইরান নিয়ে খুবই ব্যস্ত এবং অন্যান্য ব্যস্ততাও আছে।”
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (৪৮) এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে। এটি তার দ্বিতীয় বিয়ে।
সংকটকালীন সময়ে এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলে জনমনে কেমন প্রতিক্রিয়া হতে পারে- তা নিয়েও নিজের উদ্বেগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
গণমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই পরিস্থিতিতে আমার জেতার কোনো উপায় নেই। আমি যদি বিয়েতে যোগ দিই, তাহলেও সংবাদমাধ্যম আমার সমালোচনা করবে। আর যদি যোগ না দিই, তাহলেও ওই ‘ফেইক নিউজ’ আমাকে ছাড়বে না।”
তবে সব অনিশ্চয়তার মধ্যেও ছেলের নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, “আশা করি তাদের দাম্পত্য জীবন খুব চমৎকার হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









