নিজেদের সীমানার বাইরে চলা যুদ্ধের চড়া মূল্য চুকাতে হচ্ছে সাধারণ মার্কিনিদের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কায় মার্কিন নাগরিকদের পকেট থেকে অতিরিক্ত খসে যাচ্ছে কোটি কোটি ডলার। সবশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে অন্তত ৬০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের বোঝায় পিষ্ট হচ্ছে আমেরিকার জনগণ, যা দেশটির অভ্যন্তরীণ বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ক্ষোভের জন্ম দিয়েছে।
মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে জ্বালানিসংশ্লিষ্ট খাতে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারে গড়ে ৪৪৭ দশমিক ১৯ ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে।
পেট্রোলের দাম বৃদ্ধি এবং বিমানভাড়া বেড়ে যাওয়ায় এই অতিরিক্ত ব্যয় হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি। তাদের প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে মার্কিন ভোক্তাদের সম্মিলিত অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অর্থনীতিবিদেরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে ভোক্তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।
মুডিজের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেন, ‘যুদ্ধ দ্রুত শেষ না হলে আর্থিক চাপে থাকা ভোক্তারা ব্যয় কমাতে বাধ্য হবেন। এতে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া অর্থনীতি আরও চাপে পড়তে পারে।’
বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির বর্তমান মূল্যস্তর অব্যাহত থাকলে যুদ্ধ শুরুর এক বছর পূর্তির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারের অতিরিক্ত ব্যয় প্রায় ২ হাজার ডলারে পৌঁছাতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









