যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন—এমন সম্ভাবনার কথা জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে সরকারের একটি সূত্র বলছে, তিনি এখনো দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন।
রবিবার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, অবজারভার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, স্টারমার সোমবার পদত্যাগ করে নিজের বিদায়ের সময়সীমা নির্ধারণ করতে পারেন।
গত কয়েক মাস ধরেই স্টারমারের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে ছিল। তবে শুক্রবার এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এরমাধ্যমে তিনি লেবার পার্টির দলীয় প্রধান স্টারমারের নেতৃত্বের ওপর চ্যালেঞ্জ জানাতে পারবেন।
অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।
এরআগে গত শুক্রবার কেয়ার স্টারমার বলেছিলেন তার নেতৃত্বের ওপর যদি কোনো চ্যালেঞ্জ আসে তাহলে এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এছাড়া নিজ দল লেবার পার্টির প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন, নিজেদের মধ্যে লড়াই করে যেন দলকে ছিন্নভিন্ন না করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় জয় পেলেও, অল্প সময়ের মধ্যেই তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অনেক ভোটারের মতে, জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার আশঙ্কাই এর মূল কারণ।
সূত্র: অবজারভার, রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









