টানা ১৮ মাসের সরকারবিরোধী আন্দোলন ও ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ।
শনিবার (২৭ জুন) রাজধানী বেলগ্রেডে এক সরকারপন্থী সমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির পদ ছাড়বেন। একই সঙ্গে দেশে আগাম রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচনেরও ঘোষণা দেন তিনি।
দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের এই সিদ্ধান্ত সার্বিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলন পরে দুর্নীতিবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।
বিশ্লেষকদের মতে, ২০০০ সালের পর এটিই সার্বিয়ার সবচেয়ে বড় গণবিক্ষোভ।
সমাবেশে ভুচিচ বলেন, "আমি আর মাত্র কয়েক সপ্তাহ রাষ্ট্রপতি থাকব, এরপর পদত্যাগ করব।" যদিও তার বর্তমান মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত থাকার কথা ছিল।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এটি ভুচিচের রাজনৈতিক বিদায় নয়। রাষ্ট্রপতির পদ ছেড়ে তিনি আগাম সংসদীয় নির্বাচনে অংশ নিতে পারেন। তার দল জয়ী হলে প্রধানমন্ত্রী হিসেবে আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে।
ওয়ারশভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রাদিভোয়ে গ্রুইচও মনে করেন, ভুচিচ রাজনীতি ছাড়ছেন না; বরং নতুন কৌশল নিয়ে এগোচ্ছেন।
অন্যদিকে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাভো মানোজলোভিচ এই ঘোষণাকে আন্দোলনের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, পদত্যাগ ও আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ভুচিচ মূলত নিজের রাজনৈতিক পতন ঠেকানোর চেষ্টা করছেন, কারণ বর্তমানে ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষের সমর্থন তার চেয়ে অনেক বেশি।
তবে সমাবেশে ভুচিচ বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তারা দেশের ক্ষতি করছে এবং তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি দুর্নীতি দমন, দরিদ্রদের জন্য পেনশন ও আর্থিক সহায়তা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের প্রার্থী দেশ হিসেবে সার্বিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দুর্নীতি দমনের শর্ত পূরণ করতে হবে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ভুচিচ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা এবং বিরোধী মত দমনের অভিযোগে সমালোচিত হয়ে আসছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









