দেশে আবার কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেছেন, ‘‘প্রয়োজনে আবারও শহীদ হওয়ার প্রস্তুতি রয়েছে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।’’
রবিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ‘‘১৭ বছর জুলুমের পর বাংলাদেশে সবাই এক হয়েছিল। প্রায় এক হাজার ছাত্রকে জীবন দিতে হয়েছিল। আপনারা জানেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাই, আমাদের ছাত্র আবু সাঈদের রক্ত এখনো শুকায়নি। আবার যদি এই অপশক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’’
শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘গত ১৫ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের কারখানায় পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অটোপাস ও এ-প্লাস দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল।’’
এবারের ফলাফল সরকার পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘শিক্ষা নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘একাত্তরে দেশ স্বাধীন হলেও চব্বিশের আন্দোলন ছিল তার পরিপূরক। সার্বভৌমত্বের লড়াইয়ে আমরা সবাই এক হয়েছিলাম। আর যাতে এই অপশক্তি বাংলাদেশের কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দরকার হলে আবার শহীদ হব, তবে বিশৃঙ্খলায় কোনো ছাড় দেব না।’’
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বিভেদ ভুলে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবন নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে এবং ভবিষ্যতে আর কাউকে প্রাণ দিতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্য ইলিয়াছ প্রামানিক, ছাত্র উপদেষ্টা মাসুদ রানা, প্রক্টর ইসমাইল হোসেন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন অর রশীদ এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








