স্থাপত্যে সরলতা ও শূন্যতাকে সৌন্দর্যের নতুন ভাষা দিয়েছেন ব্রিটিশ স্থপতি জন পাওসন। আধুনিক স্থাপত্যে মিনিমালিজমের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন বই ‘জন পাওসন, দ্য মিনিমাল হোম’। বইটি প্রকাশ উপলক্ষে লন্ডনের নিজস্ব স্টুডিও ও বাড়িতে বসে জীবন, স্থাপত্য, জাপান এবং ন্যূনতম জীবনযাপন নিয়ে কথা বলেছেন ৭৭ বছর বয়সী এই স্থপতি।
আপনার কাছে মিনিমালিজম কী?
জন পাওসন: এটি আসলে একটি জীবনযাপনের ধরন। এর অর্থ সবকিছু ছেড়ে দিয়ে শূন্য হাতে থাকা নয়, বরং যতটুকু প্রয়োজন, ততটুকু নিয়ে বেঁচে থাকা। বস্তুগত জিনিসের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমানোই এর মূল কথা।
ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা। মা ছিলেন খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। আড়ম্বর বা বিলাসিতা তার পছন্দ ছিল না। কিশোর বয়সে বোর্ডিং স্কুলে পড়ার কারণে আমাকে অনেক ভ্রমণ করতে হয়েছে। সঙ্গে বেশি জিনিস নেওয়ার সুযোগ ছিল না। সত্যি বলতে, আমি নিজেও সেগুলো নিতে চাইতাম না। কম জিনিস নিয়ে ভ্রমণের মধ্যে একধরনের আনন্দ খুঁজে পেয়েছিলাম। সেই অভ্যাস এখনো আছে। আমার মনে হয়, প্রয়োজন নেই এমন বস্তু একসময় জীবনের বোঝা হয়ে দাঁড়ায়।
আপনার জীবন ও স্থাপত্যের এই সরল চিন্তায় জাপানের প্রভাব কতটা?
জন পাওসন: জাপানে গিয়ে আমার এই চিন্তা আরও বিকশিত হয়েছে। তবে এর শিকড় আসলে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় ছয় বছর কাজ করার পর দেড় বছরের জন্য বিশ্বভ্রমণে বের হই। এরপর জাপানে যাই। উদ্দেশ্য ছিল পাহাড়ের ওপর একটি জেন বৌদ্ধ মন্দিরে থাকা। সেখানে অবশ্য এক রাতের বেশি টিকতে পারিনি। তবে জাপানে চার বছর কাটিয়েছি। সেখানেই নিজের কাজের পথ খুঁজে পাই।

ছোটবেলায় ইয়র্কশায়ারের দ্বাদশ শতকের ফাউন্টেইনস অ্যাবের মতো সিস্টারসিয়ান স্থাপনার ধ্বংসাবশেষ আমাকে মুগ্ধ করেছিল। কিশোর বয়সে মিয়েস ফান ডার রোহে এবং স্থাপত্যবিষয়ক সাময়িকী ডোমুসের সঙ্গে পরিচয় হয়। তবে জাপানি স্থপতি ও নকশাবিদ শিরো কুরামাতার সঙ্গে পরিচয় আমার চিন্তায় বড় পরিবর্তন আনে।
কুরামাতার কাছ থেকে কী শিখেছেন?
জন পাওসন: তার কাছ থেকে শেখার শেষ নেই। আমার পেশাগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলোর একটি ছিল তার সঙ্গে পরিচিত হওয়া এবং সময় কাটানো। তিনি ছিলেন অত্যন্ত উদার ও বিনয়ী মানুষ। একটি প্রকল্পে তিনি আমাকে সাহায্য করছিলেন। তখন রাত তিনটা। আমি ঘুমে ঢুলছিলাম। হঠাৎ তিনি আমার পিঠে টোকা দিয়ে বললেন, ‘নকশার কাজ খুবই গুরুত্বপূর্ণ।’ কথাটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। তিনি নিজের পুরো জীবন নকশার কাজে উৎসর্গ করেছিলেন। তার কাছ থেকেই বুঝেছি, নকশা শুধু একটি পেশা নয়; এর জন্য গভীর মনোযোগ, নিষ্ঠা ও পরিশ্রম প্রয়োজন।
জেন দর্শনে বলা হয়, মুছে ফেলার হাতই সত্য লিখতে পারে। স্থাপত্যেও কি বিষয়টি প্রযোজ্য?
জন পাওসন: অবশ্যই। এটি শুধু কাজের কৌশল নয়, বরং চিন্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। মূল বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং অপ্রয়োজনীয় সবকিছু বাদ দেওয়া। বাড়তি সাজসজ্জা বা উপকরণের পরিবর্তে প্রয়োজনীয় বিষয়গুলোকে সামনে আনাই আমার লক্ষ্য। আমরা ভবন বা আসবাব তৈরি করি ঠিকই, কিন্তু এর উদ্দেশ্য শুধু বস্তু তৈরি করা নয়। অন্য মানুষ যেন সেখানে বসবাস করতে পারে, ব্যবহার করতে পারে এবং আনন্দ পায়, সেটিই গুরুত্বপূর্ণ। আমি চাই, আমার নকশা মানুষের জীবনকে আরও সহজ, পরিপূর্ণ ও আনন্দময় করে তুলুক। আমি এমন কিছু নকশা করিনি, যা নিজের জন্য পছন্দ করতাম না। প্রথমে নিজের কথা ভেবেই নকশা করি। কাজ শেষ হলে সেটি অন্যদের ব্যবহারের জন্য তুলে দিই। আমার সৌভাগ্য, যাদের সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকেই স্বতন্ত্র কিছু চেয়েছেন এবং নকশা তৈরির প্রক্রিয়ায় নিজেদের ভাবনাও যুক্ত করেছেন।

চেক প্রজাতন্ত্রের ‘নভি দুভ মঠ’ নির্মাণের অভিজ্ঞতা কেমন ছিল?
জন পাওসন: এটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। কমিউনিজমের পতনের পর সাবেক সোভিয়েত বলয়ের দেশগুলোতে নির্মিত প্রথম ধ্যানমগ্ন পুরুষ মঠ এটি। অষ্টাদশ শতকের একটি বারোক প্রাসাদের ধ্বংসাবশেষের ওপর মঠটি নির্মাণ করা হয়। মঠের সন্ন্যাসীরা আমার আগের কাজগুলো বইয়ে দেখেছিলেন। আধুনিক নকশার সঙ্গে সরলতা ও আধ্যাত্মিকতার যে সমন্বয় আমি করার চেষ্টা করি, তা তাদের পছন্দ হয়েছিল। সিস্টারসিয়ান স্থাপত্যের ঐতিহ্যের সঙ্গে আমার নকশার মিলও তারা খুঁজে পেয়েছিলেন।
তিনজন প্রতিনিধি—মঠের প্রধান, উপপ্রধান ও নবীন সন্ন্যাসীদের প্রশিক্ষক—আমার সঙ্গে দেখা করতে লন্ডনে এসেছিলেন। তাদের ভয় ছিল, আমি হয়তো কাজটি করতে রাজি হব না। আবার আমারও আশঙ্কা ছিল, স্টুডিও দেখে তারা হয়তো আগ্রহ হারাবেন। কথাবার্তার পর তাদের চায়ের আমন্ত্রণ জানিয়ে নিজের বাড়িতে নিয়ে যাই। বাড়ি ঘুরে দেখার একপর্যায়ে নবীন সন্ন্যাসীদের প্রশিক্ষক মন্তব্য করেন, বাড়িটি তাদের জন্যও অতিরিক্ত সাদামাটা। এ কথা শুনে মঠের প্রধান ও উপপ্রধান বেশ মজা পেয়েছিলেন।

প্রকল্পটি আমার জীবনের সবচেয়ে পূর্ণাঙ্গ কাজ। এতে আমার চিন্তা, জীবনযাপন ও স্থাপত্যভাবনার প্রায় সবকিছুরই প্রতিফলন ঘটেছে। এটি অনেকটা আমার নিজের বাড়ির মতো, তবে আকারে অনেক বড়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








