চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর নির্ভরতা কমাতে নিজের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এখনো পূরণ করতে পারেননি তিনি। সেটি হলো, যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নিজস্ব সরবরাহব্যবস্থা গড়ে তোলা।
ট্রাম্প প্রশাসন এ খাতে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করলেও যুক্তরাষ্ট্রের অনেক খনি প্রকল্প থেকে উৎপাদন শুরু হতে এখনো কয়েক বছর লাগবে। ফলে অর্ধপরিবাহী চিপ, রোবট, অস্ত্রব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উপাদান পেতে এখনো চীনের ওপর নির্ভর করতে হচ্ছে মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে।
বার্তা সংস্থা রয়টার্সের ছয়জন বিশ্লেষকের মতে, এই নির্ভরতার কারণে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ট্রাম্পের অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে চীনের ওপর বেশি চাপ সৃষ্টি করলে প্রয়োজনীয় ধাতু, চুম্বক ও রাসায়নিক উপাদানের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিশ্বের শীর্ষ বিরল মৃত্তিকা খনিজ উৎপাদক হিসেবে চীন তার অবস্থানকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত বছর এসব খনিজ ও চুম্বক রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে বেইজিং। এতে ফোর্ডসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। পরে সরবরাহ অব্যাহত রাখতে ওয়াশিংটনকে চীনের সঙ্গে আলোচনা করতে হয়।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ভোগেল গ্রুপের বাণিজ্য বিভাগের প্রধান সামির কাপাডিয়া বলেন, যুক্তরাষ্ট্রের খনিজশিল্প পুনর্গঠনের ক্ষেত্রে ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনা এবং বাস্তবায়নের ধীরগতির মধ্যে বড় ব্যবধান রয়েছে। তাঁর ভাষায়, বর্তমানে প্রকল্পগুলোর বাস্তব পরিকল্পনার চেয়ে উপস্থাপনাপত্রই বেশি; তাই কতগুলো প্রকল্প বাস্তবে শুরু করার মতো অবস্থায় আছে, সেটিই বড় প্রশ্ন।
আলোচনায় চীনের ওপর চাপ তৈরির চ্যালেঞ্জ
বৃহস্পতিবার শি জিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে খনিজ সম্পদ নিয়ে চীনের ওপর চাপ তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যবিরতি জানুয়ারি পর্যন্ত বাড়ানোর বিষয়ে সমঝোতা হতে পারে। এই সমঝোতার আওতায় কিছু গুরুত্বপূর্ণ খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণে ছাড় দেওয়ার বিষয়টিও রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় খনি সমিতির প্রধান রিচ নোলান বলেন, চীন যখন প্রয়োজন মনে করে, তখন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
চীনের দাবি, যুদ্ধের কাজে এসব খনিজের ব্যবহার ঠেকাতেই রপ্তানিতে বিধিনিষেধ দেওয়া হয়েছে। অন্যদিকে বেইজিংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রও চীনে অর্ধপরিবাহী চিপ রপ্তানি বন্ধ করে রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে।
খনিজ উৎপাদনে পিছিয়ে থাকার চিত্রও স্পষ্ট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক সরঞ্জামে ব্যবহৃত নিওডিমিয়াম-আয়রন-বোরন চুম্বক তৈরিতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৪ হাজার ৫০০ মেট্রিক টন। একই সময়ে চীনের সক্ষমতা ছিল প্রায় ২ লাখ ১০ হাজার মেট্রিক টন।

শুধু খনিজ উত্তোলন নয়, সেগুলো প্রক্রিয়াজাত ও পরিশোধন করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী উপাদান তৈরির ক্ষেত্রেও চীন অনেক এগিয়ে। এ জন্য দেশটি কয়েক দশক ধরে প্রয়োজনীয় কারখানা, প্রযুক্তিগত দক্ষতা ও উৎপাদন অবকাঠামো গড়ে তুলেছে। প্রযুক্তি ধাতু গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষক জ্যাক লিফটন বলেন, খনিজ সম্পদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থায় রয়েছে, যা চীন চায়।
উৎপাদন শুরু হতে লাগবে কয়েক বছর
ট্রাম্প প্রশাসন খনিজ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও অধিকাংশ খনি, পরিশোধনাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু হতে আরও অনেক বছর লাগবে। কোনো কোনো প্রকল্পের উৎপাদন শুরু হতে এক দশক বা তারও বেশি সময় প্রয়োজন হতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া জিঙ্কের সহায়তায় যুক্তরাষ্ট্রের টেনেসিতে ৭৪০ কোটি ডলারের একটি পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তামা, দস্তাসহ গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাত করার এই কারখানা ২০৩০ সালের আগে চালু হওয়ার কথা নয়। অন্যদিকে রিও টিন্টো ও বিএইচপি উত্তর আমেরিকার বৃহত্তম তামার খনি নির্মাণের পরিকল্পনা করছে। তবে সেটি চালু হতে আগামী দশক পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলাস্কায় তামা উৎপাদনের জন্য ট্রিলজি মেটালসে গত বছর কৌশলগত বিনিয়োগও করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানটি ২০৩১ সাল থেকে উৎপাদন শুরুর পরিকল্পনা করছে।
কিছু প্রকল্প অবশ্য এগিয়েছে। ভলকান এলিমেন্টস নর্থ ক্যারোলাইনায় বিরল মৃত্তিকা খনিজের চুম্বক উৎপাদন শুরু করেছে। তবে ব্যবহারের অনুমোদন এখনো দেয়নি প্রতিষ্ঠানটির ক্রেতারা। এমপি ম্যাটেরিয়ালস পেন্টাগনের সঙ্গে কয়েক শ কোটি ডলারের অংশীদারত্বের আওতায় টেক্সাসে চুম্বক উৎপাদন বাড়াচ্ছে। নেভাদার থ্যাকার পাস খনিতে লিথিয়াম উত্তোলনের কাজ চলছে। ২০২৮ সালে সেখানে উৎপাদন শুরুর আশা করা হচ্ছে। এ ছাড়া আইডাহোতে ২০২৯ সালের মধ্যে অ্যান্টিমনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে পেরেপচুয়া রিসোর্সেসের। গুলি ও বর্ম তৈরিতে এই খনিজ ব্যবহার করা হয়।
ট্রাম্পের খনিজ কৌশল দেশের অভ্যন্তরেও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট নেতাদের কেউ কেউ।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট গত সপ্তাহে বলেছেন, তার বিভাগ খনিজ খাতের যেসব প্রকল্পে অর্থায়ন করেছে, সেগুলোর বিষয়ে তিনি সব ব্যাখ্যা দিতে প্রস্তুত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








