চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অপর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়।’’
তিনি আরও বলেন, ‘‘মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে এবং তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।’’
সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








