দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জেলার ১৫ লাখ মানুষকে সুস্থ সামাজিক পরিবেশ উপহার দেওয়াই ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য। এ উদ্যোগ গোটা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ‘আলোকিত লালমনিরহাট’-এর কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’-এর কার্যক্রম স্বচক্ষে দেখতে লালমনিরহাটে আসবেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর আগমন জেলার জন্য আনন্দ ও গর্বের বিষয়। এর আগে গত ৪ জুলাই রাষ্ট্রপতি (সাবেক মহাসচিব) এ কমিটির নবযাত্রার সূচনা করেছিলেন।
সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, জেলায় মাদক, ক্যাসিনো ও বাল্যবিবাহের মতো অপরাধ অনেকাংশে কমেছে। এ ধারা অব্যাহত রাখতে পারলে একদিন জেলার ১৩টি সামাজিক অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র্যালিটি বের হয়ে মিশন মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাড়ি বাজারের আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ ‘আলোকিত লালমনিরহাট’-এর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির সদস্যরা সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








