চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের অগ্রগতির ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক বার্তায় কিম বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন উত্তর কোরিয়ার দৃঢ় অবস্থান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন বলেন, দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক ও সমাজতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে ডিপিআরকে–চীন সম্পর্ক আরও বিকশিত করাই তাদের সরকারের অঙ্গীকার। তিনি সাম্প্রতিক শীর্ষ বৈঠককে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রায় সাত বছর পর গত ৮ ও ৯ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন। ওই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সফরকালে শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এবং দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও করেছে। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরও সামনে এসেছে। তবে অর্থনৈতিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অংশীদার এখনো চীনই।
দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে সম্পন্ন হয়েছে।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









