ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এই ঘটনা উত্তেজনাকে আরও উস্কে দিলো।
রবিবার (১৯ জুলাই) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মার্কিন বাহিনী দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের দাবি, এটি দেশটির পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলা।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ইরানের পরমাণু শক্তি সংস্থা।
অন্যদিকে, এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার এ অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে চলমান তেহরান-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি এখনও নির্মাণাধীন রয়েছে।
সূত্র: আল জাজিরা, এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









