সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের সমর্থন আরো জোরদার হয়েছে। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচির আগে রবিবার জন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। অভিনেত্রী সোনাক্ষী সিনহাও সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চলেছেন।
রবিবার জন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান শাবানা আজমি। উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শাবানা আজমি সোনম ওয়াংচুকের চলমান অনশন এবং আন্দোলনের প্রতি নিজের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, তিনি অনশনরত এক আন্দোলনকারীর পাশে বসে তার হাত ধরে স্নেহভরে চুম্বন করছেন এবং মুখে হাত বুলিয়ে সাহস জোগাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে ওই আন্দোলনকারী লেখেন, “আপনাদের সমর্থন, সংহতি ও ভালোবাসার জন্য ধন্যবাদ, শাবানা ম্যাডাম।”
এর আগেও এই আন্দোলনে যোগ দেওয়া অভিনেতা প্রকাশ রাজ রবিবার ফের জন্তর মন্তরে উপস্থিত হন।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আজ রাতে আমি আপনাদের সঙ্গেই আছি। আমি এখানেই আছি। এরপর কী হয়, আমরা দেখব।” পরে সামাজিক মাধ্যমে একটি সেলফি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “Youth of our country are #JustAsking.” ভিডিওতে পেছনে আন্দোলনকারীদের স্লোগান শোনা যায়। তাদের দিকে ইঙ্গিত করে প্রকাশ রাজ বলেন, “এরা নিজেদের দাবির জন্য লড়াই করছে,” এরপর হাসিমুখে ভিডিওটি শেষ করেন।
অভিনেত্রী সোনাক্ষী সিনহাও ইনস্টাগ্রাম স্টোরি ও ভিডিওর মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চলেছেন। তিনি আন্দোলনকারীদের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ২০ জুলাই সকাল ৯টায় ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। পোস্টটি শেয়ার করে সোনাক্ষী লেখেন, “শান্তি। ঐক্য। সম্মান।”
শনিবার সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরের পরও একটি ভিডিও বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আজ সোনম স্যারের সঙ্গে যা হয়েছে, তা ঠিক হয়নি। তিনি এখনও মানসিকভাবে দৃঢ় ও সচেতন আছেন। আমি দীর্ঘদিন ধরে তাকে এবং হাজার হাজার শান্তিপূর্ণ আন্দোলনকারীকে দেখছি। দেশের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম।”
সোমবারের পদযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশে সোনাক্ষী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের কণ্ঠস্বর যেন নির্ভীক হয়, তবে আন্দোলনের মর্যাদা ও শৃঙ্খলাও বজায় রাখুন। শান্তি, ঐক্য ও সম্মান বজায় রাখুন। অহিংসভাবে প্রশ্ন তোলার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার অধিকারও তাদের আছে। আমি তরুণ প্রজন্ম, সংবিধান, ছাত্রসমাজ এবং দেশের পাশে আছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









