সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই দাবি করেন, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি দিল্লির যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের চলমান সিজেপি (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এই দাবির সত্যতা নিয়ে মুখ খুলেছে দিল্লি পুলিশ। পুলিশের ফ্যাক্ট চেকে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া তথ্যটি সম্পূর্ণ ভুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে বসে আছেন থালাপতি বিজয়। গাড়িটিকে ঘিরে রয়েছেন বিপুল সংখ্যক ভক্ত। এই ভিডিও প্রকাশের পর বিভিন্ন পোস্টে দাবি করা হয়, বিজয় দিল্লির যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ফলে বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তবে ভাইরাল হওয়া এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ। নিজেদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ফ্যাক্ট-চেক বার্তায় পুলিশ জানায়, “ভিডিওটি দিল্লির যন্তর মন্তরের নয় এবং এটি নিয়ে ছড়ানো দাবি বিভ্রান্তিকর।”
দিল্লি পুলিশের পোস্টে বলা হয়, “ফ্যাক্ট চেক: এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি নয়াদিল্লির যন্তর মন্তরের নয়। অনুগ্রহ করে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার করবেন না।”
পুলিশের এই ব্যাখ্যার পর স্পষ্ট হয়েছে যে, থালাপতি বিজয় (সিজেপি) আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন—এমন দাবির কোনো ভিত্তি নেই। ভাইরাল ভিডিওটি অন্য সময় ও অন্য স্থানের, যা ভুল তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









