জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, সতর্কতা জারির পর কয়েকটি উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে ওই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। ২০১১ সালে দেশটিতে ৯ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। ওই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও ভয়াবহ বিপর্যয় নেমে আসে।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









