বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৫১ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় পণ্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার আংশিক সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য, ওষুধ/ইনজেকশন, সিগারেট ও জর্দা ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক ধ্বংসের মাধ্যমে সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্ত ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এটি তরুণ সমাজের মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করছে। সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র যাতে দেশে মাদক প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলেই বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।”
রিজিয়ন কমান্ডার বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
এ সময় স্থানীয় উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









