মানবপাচারের মতো জঘন্য আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে ‘মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মানবপাচার-সংক্রান্ত তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ ও দ্রুত আইনগত সহায়তা নিশ্চিত করতে ০১৩২০-০৯৮৫০৪ নম্বরে একটি জরুরি হটলাইন চালু করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মাদারীপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলটির উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, মানবপাচার একটি ভয়াবহ আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে মাদারীপুরের অনেক মানুষ বৈধভাবে বিদেশে কর্মরত থাকলেও অসাধু দালাল চক্র বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অনেক নিরীহ মানুষকে অবৈধভাবে বিদেশে পাচার করছে। এর ফলে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নির্যাতন, নিপীড়ন, মৃত্যুঝুঁকি এবং নানা ধরনের মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে।
তিনি আরো বলেন, মানবপাচার প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। নতুন এই সেলের মাধ্যমে মানবপাচার-সংক্রান্ত অভিযোগ দ্রুত যাচাই, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদান এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
জেলা পুলিশের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করবে-মানবপাচার-সংক্রান্ত অভিযোগ ও মামলা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ ও তদন্ত।
মানবপাচারকারী দালাল ও সংঘবদ্ধ চক্র শনাক্ত করে আইনের আওতায় আনা। গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা। জনসাধারণের মধ্যে বৈধ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পুনর্বাসন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়। মানবপাচার-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও মনিটরিংয়ের জন্য একটি সমন্বিত ডাটাবেজ প্রস্তুত।
জেলা পুলিশ সকল নাগরিককে বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো দালাল বা অসাধু ব্যক্তির প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়া, কোনো ব্যক্তি বা চক্র মানবপাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের জরুরি হটলাইন ০১৩২০-০৯৮৫০৪ নম্বরে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মানবপাচার প্রতিরোধে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আন্তঃসংস্থার সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
জেলা পুলিশ সচেতনার জন্য স্লোগান প্রচার করছে: ‘মানব পাচার রোধ করি, নিরাপদ সমাজ গড়ি’ ‘অবৈধ পথে নয়, বৈধ পথে বিদেশে যাই।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









