বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থও বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছরের শেষ দিকে দুই দেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার নয়াদিল্লিতে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা। বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও পররাষ্ট্র, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিহারের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগির চুক্তি করার সময় রাজ্যটির স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
বিজয় কুমার চৌধুরীর দাবি, ফারাক্কা ব্যারাজে পৌঁছানো পানির বড় একটি অংশ বিহারের নদী অববাহিকা এলাকা থেকে আসে। অথচ পানীয় জল, সেচ ও শিল্পের প্রয়োজনে বিহার তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছে।
এ কারণে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে রাজ্য সরকার।
বৈঠকে বিহারের পানি সম্পদ, সেচ এবং বন্যা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। রাজ্যের দীর্ঘদিনের এসব উদ্বেগের বিষয়ে কেন্দ্রীয় সরকার ইতিবাচকভাবে সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বিজয় কুমার চৌধুরী।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এর নবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই বিহারের পক্ষ থেকে নিজেদের পানির হিস্যা ও স্বার্থ বিবেচনার দাবি সামনে এলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









