দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এ খাতে অস্থিরতা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে শফিকুর রহমান লেখেন, পোশাকশিল্পে চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক। কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো সচেতন শ্রমিক এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন শীত মৌসুমকে ঘিরে দেশের পোশাকশিল্পে রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনা নস্যাৎ করতেই ষড়যন্ত্র বা উসকানিমূলক তৎপরতা চালানো হতে পারে।
দেশের অর্থনীতি রক্ষা ও শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিত করতে কালক্ষেপণ না করে সরকারকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে পোশাকশিল্পের স্বার্থে মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









