নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বুধবারের আকস্মিক দুর্যোগের পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশের আটটি জেলা থেকে নতুন করে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার মানুষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে সর্বশেষ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, চিতওয়ানে ১২১টি, নওয়ালপরাসি (পূর্ব) ৭৪টি, ধাদিঙে ২৯টি, গোর্খায় ২৯টি, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি এবং নওয়ালপরাসি (পশ্চিম) ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে তিব্বত সীমান্তবর্তী নেপালের অংশে প্রায় ৭০০ বিদেশি পর্যটক নিখোঁজ থাকার তথ্যও উঠে এসেছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে।
প্রবল বন্যার পানি রাসুয়াসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে নেমে ত্রিশূলী ও নারায়ণী নদীপথ ধরে ভাটির দিকে প্রবাহিত হয়েছে। এতে বহু বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে হেলিকপ্টার থেকে তাঁবু, খাবার এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









