বাংলাদেশসহ বিশ্বরে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ক্ষেত্রে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা পুরোপুরি তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ অগাস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
এর আগে ট্রাম্প প্রশাসন গত ২১ অগাস্ট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করে যে নীতি গ্রহণ করেছিল তা বাতিল করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সেই আদেশে আদালত বলেছিল, এ নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার এখতিয়ারের সীমা ছাড়িয়ে গেছেন।
আলোচিত এ মামলাটি মার্কিন আদালতে ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিতি পায়।
চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীদের ‘যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে। তারা দেশটির স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর নির্ভর করতে পারেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ২৮ অগাস্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, “ক্লিনিক বনাম রুবিও মামলায় আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশটি আর কার্যকর নেই।’’
বিবৃতিতে আরও বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, গ্রিনকার্ড বা ইমিগ্রান্ট ভিসাধারী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং আমেরিকানদের ওপর কোনো আর্থিক বোঝা হওয়া চলবে না। ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন অথবা রাষ্ট্রের ওপর বোঝা হিসেবে গণ্য না হন, তা নিশ্চিত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের সমস্ত প্রাথমিক যাচাইকরণ ও বিষদ পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত নীতিমালাগুলো পুনর্মূল্যায়ন করছে।”
ভারতের ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, স্থগিতাদেশ চলা অবস্থায় এই ৭৫টি দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার জন্য আবেদনপত্র জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কি পররাষ্ট্র দপ্তরও এই সময়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার কাজ চালিয়ে গেছে।
বর্তমানে এই স্থগিতাদেশ পুরোপুরি উঠে যাওয়ায় আবেদনকারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









