ভারতের রাজধানী দিল্লিতে ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা সময়ের সাথে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
এখন পর্যন্ত ছয়জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে এবং আরো জীবিতদের সন্ধানে তল্লাশি চলছে।
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি ধসে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু রবিবার ছিল, তাই বেশিরভাগই ‘বাড়িতে’ ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী ধসে পড়া ভবনটিকে ‘হোস্টেল ডেজ’ নামের পুরুষদের একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে বর্ণনা করেছেন।
প্রাথমিক দৃশ্যে দেখা যায়, ভবনটির কাছে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে এবং দমকলকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন।
স্থানীয়রা উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির আসার অপেক্ষা না করেই হাত দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি করছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









