ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে বলে জানিয়েছে সানডে গার্ডিয়ান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পুলিশ আটক করার পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের নবনিযুক্ত প্রধান অজিঙ্কা শিন্ডে।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পথে বিমানে ওই নেতাদের আটক করে পুলিশ। এর আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, তাঁদের আটক করা হলে আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে।
নেতাদের আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওর সূত্র ধরে দলের নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দেন শিন্ডে। তিনি বিক্ষোভকারীদের পুলিশের ব্যারিকেড ও বিধিনিষেধ অতিক্রম করে যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া বার্তায় অজিঙ্কা শিন্ডে বলেন, তাদের ঐক্য ও শক্তিতে সরকার ভীত হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। তার আহ্বান, পুলিশ কোনো স্থানে বাধা দিলে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে হবে। তাঁর এই নির্দেশনার পর দিল্লির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে দিল্লির প্রবেশপথ ও মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। অভিযানে কয়েক হাজার মানুষকে আটক করে শহরের বিভিন্ন অস্থায়ী স্টেডিয়াম ও আটককেন্দ্রে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া গুরুগ্রামের বাসা থেকে জনপ্রিয় রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে এতে উল্লেখ রয়েছে।
ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে সিজেপি। দলের প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতারা আটক থাকলেও নতুন নেতা অজিঙ্কা শিন্ডের আহ্বানে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









