আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি র্যাঙ্কিংয়েও। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন এই পেসার।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ৩৮তম স্থানে উঠেছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে তিনি প্রথমবার এই অবস্থানে উঠেছিলেন।
আবুধাবিতে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে পান আরও একটি। একই ম্যাচে ৭ উইকেট নেওয়া ইবাদত হোসেনের উন্নতি আরও বেশি। ১১ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৬৭তম। শীর্ষে যথারীতি মিচেল স্টার্ক, তবে দ্বিতীয় স্থানে থাকা ম্যাট হেনরির রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম।
তবে এক ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। মুশফিক ১৮তম, নাজমুল ২১তম। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবার ওপরে মুশফিকই। ব্যাটসম্যানদের শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দ্বিতীয় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য মিরাজের অবস্থান অপরিবর্তিত। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পরই তিন নম্বরে বাংলাদেশের এই অলরাউন্ডার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









