নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শ্যুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা ইমরান হাশমি। ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে দাঁড় করানো একটি কালো ভ্যানের ওপড়ে আছড়ে পড়ে। ওই ভ্যানটির খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান হাশমি।
ঘটনাস্থলে উপস্থিত কলাকুশলীরা ক্রেনে ঝুলিয়ে রাখা গাড়িটির দিকে তাকিয়ে ছিলেন। তার পরেই গাড়িটি এক পাক উল্টে বাঁধন ছিঁড়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সেটি নিচে রাখা ভ্যানের ওপর গিয়ে পড়ে। গোটা ঘটনায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কাছেই ছিলেন ইমরান। গাড়িটি অভিনেতার খুব কাছাকাছি চলে এসেছিল বলে জানা যায়।
তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দৃশ্যটি পরিকল্পিত না কি শুটিংয়ের সময়ে কোনও দৃশ্য তা নিয়ে এখনও মুখ খোলেননি ছবির নির্মাতারা। কোথায় এই দৃশ্যের শুটিং হচ্ছিল, তাও স্পষ্ট নয়।
এই প্রথম নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত জুন মাসে হরিদ্বারে শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান।
তাদের অভিযোগ ছিল একটি সাইনবোর্ড ঘিরে। শুটিংয়ের জায়গায় ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা বোর্ড দেখে অনেকে ভেবেছিলেন, ধর্মীয় স্থানে সত্যিই কোনও পানশালা খোলা হচ্ছে। সেই ভুল ধারণা থেকেই উত্তেজনা ছড়ায়। একসময় শুটিং বন্ধ করে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়।
আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ ছবিতে ইমরান ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংহ। অ্যাকশন নির্ভর প্রেমের ছবি এটি। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









