পাবনার বেড়ায় যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ডিমওয়ালা মা-ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো একটি এতিমখানায় হস্তান্তর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাকালিয়া ঘাট এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার খবর পেয়ে নদীতে টহল ও তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৫০ হাজার টাকা বাজারমূল্যের ২ হাজার মিটার কারেন্ট জাল ও জালে আটকে থাকা ৫ কেজি মা-ইলিশ জব্দ করা হয়।
অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নাকালিয়া ঘাটে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছগুলো স্থানীয় নতুন পেঁচাকোলা দারুল উলুম রাহিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার এতিমখানার মুহতামিমের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, মা-ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির মাধ্যমে ইলিশের সম্পদ রক্ষায় নিষিদ্ধ সময়ে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









