ভারতের উত্তরাখণ্ডে জোশীমঠের কাছে যাত্রিবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছ’জনের মৃত্যু হয়েছে।
যা আরও এক বার এই পাহাড়ি রাজ্যে হেলিকপ্টার যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পরিসংখ্যান বলছে, ২০১৬ থেকে ২০২৬— ১০ বছরে এখন পর্যন্ত শুধু উত্তরাখণ্ডেই ১৩টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে গত পাঁচ বছরে। এই নিয়ে ১০ বছরে হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বদরীনাথ থেকে পাঁচ তীর্থযাত্রীকে নিয়ে ফেরার পথে জোশীমঠের কাছে ‘ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড’র একটি হেলিকপ্টার এই দুর্ঘটনার স্বীকার হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ওই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। জোশীমঠ উপত্যকার উপর দিয়ে ওড়ার সময় ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্র্যাকিং সিস্টেমেও ওই হেলিকপ্টারের গতিপথ শনাক্ত করা যায়নি।
পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ওই হেলিকপ্টারটি আছড়ে পড়েছে।
এক প্রশাসনিক কর্তা জানান, জোশীমঠ এলাকার হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে ওই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ২টা ২০ মিনিট নাগাদ মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসের অদূরে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
চালক ছাড়াও হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ছিলেন। ছ’জনেরই মৃত্যু হয়েছে। মৃত পাঁচ যাত্রীই বেঙ্গালুরুর বাসিন্দা।
প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি এবং দৃশ্যমান্যতা কম থাকার কারণে ওই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









