পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে আগামী ১৫ নভেম্বর (রোববার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পরিচিত এই রাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।
আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি চলতি বছর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে আসে দুটি কারণে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে দেশটির জাতীয় ফুটবল দল নকআউট পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে, হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরি দেশটির উপকূলের কাছে নোঙর করায়ও আলোচনায় আসে কেপ ভার্দে।
সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৫ মাইল) দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত পর্তুগিজ ভাষাভাষী এই দেশটি ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। প্রতিবছরই দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে।
রাজনৈতিক স্থিতিশীলতা ও অতিথিপরায়ণতা-
পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি প্রতিবেশী দেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা ও অস্থিরতা দেখা গেলেও কেপ ভার্দে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত।
আফ্রিকায় গণতন্ত্রের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় দেশটিকে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও উল্লেখযোগ্য।
কেপ ভার্দে ‘মোরাবেজা’ নামে পরিচিত অতিথিপরায়ণতা, উদার মানসিকতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থান এবং বর্ণাঢ্য কার্নিভালের জন্য পরিচিত। দেশটির নিজস্ব সংগীতধারাও রয়েছে।
দ্বীপরাষ্ট্রটিতে আধা-রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু রয়েছে। তবে নির্বাহী ক্ষমতার বড় অংশ প্রধানমন্ত্রীর হাতে।
প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। বরং তিনি মধ্যস্থতাকারী ও রাষ্ট্রের ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংবিধান সমুন্নত রাখার ভূমিকা পালন করেন।
সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন। পাশাপাশি বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
রোববারের নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর মধ্যে। তারা হলেন বর্তমান প্রেসিডেন্ট ৬৬ বছর বয়সী হোসে মারিয়া নেভেস এবং ৬১ বছর বয়সী আইনজীবী ও সাবেক বিচারমন্ত্রী জোয়ানা রোসা আমাদো। আমাদো দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম নারী প্রার্থী।
দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের একটি করে দল তাদের সমর্থন দিচ্ছে।
নেভেসের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেপ ভার্দের স্বাধীনতার জন্য লড়াই করা আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অব কেপ ভার্দের (পিএআইসিভি) সভাপতি ছিলেন তিনি। এ ছাড়া মেয়র ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন নেভেস।
গত মে মাসের সংসদ নির্বাচনে জয়ী পিএআইসিভি তাকে সমর্থন দিচ্ছে।
প্রার্থিতা ঘোষণার সময় নেভেস বলেন, ‘কেপ ভার্দের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায়, পরিবর্তনের আগাম প্রস্তুতি নিতে এবং এই কঠিন সময়ে রাজনৈতিক ঐকমত্য আরও জোরদার করতে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’
অন্যদিকে, প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেসি (এমপিডি) সমর্থন দিচ্ছে জোয়ানা রোসা আমাদোকে।
তার নির্বাচনী স্লোগান ‘কেপ ভার্দের কথা শুনুন’। এর অর্থ সবকিছুর প্রতিশ্রুতি দেওয়া নয়; বরং সাধারণ মানুষের প্রকৃত উদ্বেগ ও প্রত্যাশা বোঝা।
তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনেক তরুণী ও কিশোরী বুঝতে পারবে, সরকারের কোনো পদই তাদের জন্য নিষিদ্ধ নয়।’
অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ৪৫ বছর বয়সী শল্যচিকিৎসক গিলসন আলভেস। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া এবং মৃত্যুদণ্ড পুনর্বহালের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।
অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি নানা চ্যালেঞ্জ-
পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে মাথাপিছু মোট জাতীয় আয় ১৬ দশমিক ৮ শতাংশ বাড়ার কারণে ২০২৬ সালের জুলাইয়ে বিশ্বব্যাংক কেপ ভার্দেকে আনুষ্ঠানিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণিভুক্ত করে।
তবে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও দেশটি বেশ কিছু সমস্যার মুখোমুখি। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের সাশ্রয়ী ব্যবস্থা না থাকা।
নির্বাচিত হলে প্রধান দুই প্রার্থীই দ্বীপগুলোর মধ্যে আকাশ ও সমুদ্রপথে যোগাযোগব্যবস্থা উন্নত করার এবং পর্যটকদের জন্য নতুন আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
দেশটির সাধারণ মানুষের বড় উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং তরুণদের বেকারত্ব।
করোনাভাইরাস মহামারির অবসানের পর থেকে উচ্চশিক্ষিত ও পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণসহ অনেক কেপ ভার্দের নাগরিক উন্নত জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছেন। এখনো এই দেশত্যাগ অব্যাহত রয়েছে। ফলে দেশটিতে শ্রমিকের সংকট তৈরি হয়েছে।
নির্বাচনী প্রচারে পুরো দ্বীপপুঞ্জজুড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









