ইতালির প্রায় ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় প্রেরকের ইমেইল পাঠানো হয়েছে। এরপর বেশ কিছু স্কুলে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হয়।
বুধবার (১১ নভেম্বর) দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইমেইলে দাবি করা হয়, প্লাস্টিকের ব্যাগে রাখা একটি শক্তিশালী বিস্ফোরক রিমোটের মাধ্যমে ঘটানোর প্রস্তুতি নিয়ে স্কুল প্রাঙ্গণে রাখা হয়েছে। বার্তায় ইতালীয়দের বিরুদ্ধে সহিংসতার হুমকিও ছিল। নিজেকে ‘ভিলায়াত অব মিসোগিনিস্তান’ নামের একটি গোষ্ঠীর নেতা দাবি করে এটি পাঠানো হয়।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তদন্তে এখন পর্যন্ত বাস্তব কোনো হুমকির প্রমাণ মেলেনি। তার মতে, আতঙ্ক ও উদ্বেগ ছড়ানোর একটি কৌশলের অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে।
শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, ‘‘প্রায় ৩০০ স্কুল হুমকির ইমেইল পাওয়ার কথা জানিয়েছে, সংখ্যাটি আরও বাড়তে পারে।’’
তিনি একে সন্দেহজনক সাইবার হামলা বলে অভিহিত করেন এবং জানান, প্রকৃত ঝুঁকি প্রায় নেই বললেই চলে।
নিরাপত্তা সংস্থাগুলো ইমেইল প্রেরকদের শনাক্তের চেষ্টা করছে, আর সরকার পুরো পরিস্থিতি সমন্বয় করছে। সরকারি সূত্রগুলোও নিশ্চিত করেছে, এখন পর্যন্ত তল্লাশিতে কোনো বাস্তব বিপদের চিহ্ন পাওয়া যায়নি।
উল্লেখ্য, কয়েক দিন আগেও ২৮০ জন স্কুল অধ্যক্ষের কাছে অনুরূপ হুমকির ইমেইল পাঠানো হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









