ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের আহ্বানে শতভাগ একমত পোষণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।’’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। আমরা তার এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। আমরাও বিশ্বাস করি, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।’’
তিনি বলেন, ‘‘কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সাথে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য।’’
অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদের সাথে আপস করেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









