কায়রো থেকে মস্কো, ওয়াশিংটন—বিশ্বের নানা প্রান্তে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর চাপ বাড়াচ্ছে সরকারগুলো। মিসরের প্রভাবশালী সাংবাদিক লিনা আতালাহ। অথচ গত মাসের আগে পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক খবরও তার জানা ছিল না—নিজের বিরুদ্ধে দেওয়া একটি আদালতের রায়ের কথা। ২০২৪ সালে একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। অভিযোগ, তিনি ‘মিথ্যা সংবাদ ছড়িয়েছেন’ এবং লাইসেন্স ছাড়াই একটি ওয়েবসাইট পরিচালনা করেছেন। অথচ ওই লাইসেন্স পাওয়ার জন্য তিনি বারবার আবেদন করেছিলেন। তাকে অনুপস্থিত দেখিয়েই এই বিচার করা হয়, যদিও তিনি তখন দেশেই ছিলেন। পরে গত অক্টোবরে আরেকটি মামলায় আদালতের মুখোমুখি হওয়ার পর তিনি আগের রায়ের কথা জানতে পারেন। ওই মামলায় তাকে বড় অঙ্কের জরিমানা করা হয় এবং তার পরিচালিত সংবাদমাধ্যম ‘মাদা মাসর’-এর ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। চলতি মাসের শেষ দিকে তাঁকে আবারও বিচারের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, তথ্য যাচাইকারী ওয়েবসাইট ‘মাতসাদাশ’-এর পুরো সংবাদকক্ষের কর্মীরা এখনো কারাগারে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ ছয় সাংবাদিককে আটক করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়া ও অর্থায়ন এবং মিথ্যা সংবাদ ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছে। তাদের আইনজীবীদের দাবি, আটক সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে এবং জোর করে তাঁদের দিয়ে সাজানো স্বীকারোক্তি রেকর্ড করানো হয়েছে।
সোমবার রাশিয়া শেষ পর্যন্ত স্বাধীন সংবাদমাধ্যম ‘নোভায়া গেজেটা’র কণ্ঠ স্তব্ধ করতে সক্ষম হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে ক্রমবর্ধমান দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করে আসছিল পত্রিকাটি। এর ছয়জন সাংবাদিক, যাদের মধ্যে আনা পলিতকভস্কায়াও ছিলেন, সাংবাদিকতার জন্য প্রাণ দিয়েছেন। তবু পত্রিকাটি টিকে ছিল। কিন্তু একের পর এক বাধার মুখে তাদের সংবাদকক্ষ, অনুদান সংগ্রহের প্ল্যাটফর্ম এবং প্রকাশনার অধিকার কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত আলো নিভিয়ে দিতে বাধ্য হয় পত্রিকাটি। তবে এর সাবেক অনেক সাংবাদিকের উদ্যোগে প্রতিষ্ঠিত পৃথক সংবাদমাধ্যম ‘নোভায়া গেজেটা ইউরোপ’ এখনো প্রকাশিত হচ্ছে।
এ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। বরং বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান আক্রমণেরই অংশ। এ বছরের বসন্তে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ জানায়, গত ২৫ বছরের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন সবচেয়ে খারাপ অবস্থায়। সংস্থাটির জরিপে অন্তর্ভুক্ত ১৮০টি দেশের অর্ধেকেরও বেশি দেশে সাংবাদিকতার পরিবেশকে ‘কঠিন’ অথবা ‘অত্যন্ত গুরুতর’ বলে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের বিস্তারও সাংবাদিকদের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মী নিহত হওয়ার সংখ্যা নতুন রেকর্ড গড়ে—১২৯ জন। গত সপ্তাহে ইউনেসকো জানিয়েছে, সাংবাদিক হত্যার প্রায় ১০টির মধ্যে ৯টি ঘটনারই বিচার হয় না। অর্থাৎ সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে।
সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্যের বিস্তারের এই সময়ে মানসম্মত সাংবাদিকতার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের অনেকেই নৈতিক দায়িত্বের বিষয়ে কার্যত উদাসীন। লিনা আতালাহ নিজেও বলেছেন, পেশাদার সংবাদমাধ্যমের বিলুপ্তি ষড়যন্ত্রতত্ত্ব ও অপতথ্য ছড়ানোর সুযোগ বাড়িয়ে দেয়।
অথচ একসময় বিদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রতিবাদ জানাত এবং কখনো কখনো তাদের পরিস্থিতি উন্নত করতেও ভূমিকা রাখত। কিন্তু এখন দেশটির নেতৃত্বে এমন একজন ব্যক্তি রয়েছেন, যিনি সংবাদমাধ্যমকে ‘আমেরিকার জনগণের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন। তার শাসনামলে গত জানুয়ারিতে এফবিআই এক সংবাদদাতার বাড়িতে তল্লাশি চালিয়েছে। বর্তমানে তিনি বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলাও করছেন। ডোনাল্ড ট্রাম্প এমন কয়েকটি সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছেন, যেগুলো বহু দমনমূলক দেশে স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উৎস ছিল।
এ সপ্তাহে একটি আপিল আদালতের বিচারক প্যানেল রায় দিয়েছেন, ভয়েস অব আমেরিকার প্রধানকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন বেআইনি কাজ করেছে। ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও ফ্রি ইউরোপ—তিনটি প্রতিষ্ঠানই তাদের নিবেদিতপ্রাণ কর্মীদের প্রচেষ্টায় এখনো টিকে আছে। তবে আগের তুলনায় তাদের কার্যক্রম অনেক সংকুচিত হয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে সার্বিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখিয়েছে, গণতন্ত্রের অবক্ষয় ঠেকাতে সাংবাদিকতার পাশাপাশি নাগরিক আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত মাসে তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সংবাদমাধ্যমবিরোধী দমন-পীড়নের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন।
এখনো বিপুলসংখ্যক মানুষ সত্য জানতে চান। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বিশ্বের নানা প্রান্তে সাহসী সাংবাদিকেরা সত্য অনুসন্ধান করছেন এবং তা মানুষের সামনে তুলে ধরছেন। কর্তৃত্ববাদী শাসকেরা সাংবাদিকদের এত নিরলসভাবে নিশানা করে—এ থেকেই বোঝা যায়, স্বাধীন সাংবাদিকতা কতটা গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশের শক্তিকেই তারা ভয় পায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









