জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর একাধিক অনানুষ্ঠানিক ভোটে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন ৭০ বছর বয়সী এই নারী। নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। তবে তার এই পথ সহজ নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থন আদায় করাই হতে পারে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের সময়সীমা ৩১ ডিসেম্বর। কিন্তু ভোটে এগিয়ে থাকলেও এখনো নিজের প্রার্থিতার পক্ষে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেননি গ্রিনস্প্যান। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্তত একজন তার প্রার্থিতার বিরোধিতা করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গোপন ভোটের কারণে কোন দেশ তার বিরোধিতা করছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
জাতিসংঘের মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে যেকোনো একটি দেশের বিরোধিতা তার নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এবার মহাসচিব পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে তার অবস্থান কয়েকটি প্রভাবশালী দেশের সমর্থন পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনতে চায়। অথচ গ্রিনস্প্যান যে সংস্থার নেতৃত্ব দিতে চান, সেই সংস্থার সংস্কার নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হতে পারে।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনস্প্যান বলেছেন, জাতিসংঘকে ঝুঁকি নিতে আরও আগ্রহী হতে হবে। তার ভাষায়, এখন জাতিসংঘের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো উদ্যোগ না নেওয়া। শান্তি প্রতিষ্ঠায় যারা জাতিসংঘের ওপর নির্ভর করেন, তাদের মধ্যে সংস্থাটির কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা নিয়ে সন্দেহ বাড়ছে। তাই শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত নেতৃত্ব প্রয়োজন।
গ্রিনস্প্যানের মতে, কূটনৈতিক আলোচনায় প্রথম কয়েকটি উদ্যোগ ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যেতে হয়। তার ভাষায়, একজন মধ্যস্থতাকারীর ১০টি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর ১১তমটি সফল হতে পারে। অনেক সরকারের পক্ষে বারবার প্রত্যাখ্যাত হওয়ার রাজনৈতিক চাপ সামলানো কঠিন হলেও জাতিসংঘের মহাসচিবের সেই সুযোগ রয়েছে।
কোস্টারিকা থেকে আন্তর্জাতিক কূটনীতিতে
অর্থনীতিবিদ গ্রিনস্প্যান ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কোস্টারিকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আশির দশকে কোস্টারিকার ঋণসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
২০১৪ সালে লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও ইউরোপের ২২টি দেশের সমন্বয়ে গঠিত আইবেরো-আমেরিকান সম্মেলনের মহাসচিব নিযুক্ত হন তিনি। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এবং হাইতির পুনর্গঠন কমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রথম নারী মহাসচিব হন গ্রিনস্প্যান। দায়িত্ব নেওয়ার পর করোনাভাইরাস মহামারির প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করেন তিনি।
কৃষ্ণসাগরের শস্যচুক্তিতে ভূমিকা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির পথ চালু রাখতে জাতিসংঘের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রিনস্প্যান। ২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি সম্পাদনে তিনি কাজ করেন। সে সময় স্তন ক্যানসারের চিকিৎসা চললেও আলোচনায় যুক্ত ছিলেন তিনি।
চুক্তিটি কার্যকর করতে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও নৌপরিবহন কোম্পানিগুলোকে আলোচনায় যুক্ত করতে হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় ২০২২ সালে কৃষ্ণসাগর দিয়ে ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়। এতে বিশ্ববাজারে খাদ্যের দাম ২২ শতাংশ কমে। তবে এক বছর পর চুক্তি থেকে সরে যায় রাশিয়া।
রাশিয়ার চুক্তি থেকে সরে যাওয়ার সমালোচনা করেছিলেন গ্রিনস্প্যান। এ কারণে মস্কো তার প্রার্থিতায় ভেটো দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক রিচার্ড গওয়ান। তবে সমর্থন আদায়ে গ্রিনস্প্যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করেছেন।
ইহুদি পরিচয় ও ফিলিস্তিন প্রশ্ন
গ্রিনস্প্যানের বাবা-মা ছিলেন পোল্যান্ডের ইহুদি শরণার্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা মধ্য আমেরিকায় আশ্রয় নেন। ইসরায়েলের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি নিজেও একসময় দেশটিতে পড়াশোনা করেছেন। তার বোন দীর্ঘদিন ধরে ইসরায়েলে বসবাস করছেন। পরিবারের কয়েকজন সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন।
তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে তার অবস্থান জাতিসংঘের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি পরবর্তী সময়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।
গ্রিনস্প্যানের নেতৃত্বাধীন আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনের অর্থনীতিতে ইসরায়েলের নীতি, বিধিনিষেধ ও সামরিক অভিযানের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থনীতির সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১ হাজার ২২০ কোটি ডলার। গত বছর সংস্থাটি জানায়, গাজায় মাথাপিছু বার্ষিক মোট দেশজ উৎপাদন কমে ১৬১ ডলারে নেমেছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর আগে যা ছিল ৯৭০ ডলার।
নিজের পরিচয় নিয়ে গ্রিনস্প্যান বলেছেন, তার পরিচয় তাকে পক্ষপাত নয়, বরং সহমর্মিতা শিখিয়েছে। যুদ্ধের কারণে তার বাবা-মাকে শরণার্থী হতে হয়েছিল। তাই যুদ্ধ কী কেড়ে নেয় এবং শান্তি কীভাবে নতুন সম্ভাবনা তৈরি করে, তা তিনি জানেন।
ট্রাম্পের সমর্থনই বড় পরীক্ষা
নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে থাকলেও গ্রিনস্প্যানের সামনে সবচেয়ে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহকে সমর্থন দিয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ডেভএক্স।
আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস্থার ব্রিমার মনে করেন, ট্রাম্প প্রশাসনের সমর্থন পেতে হলে জাতিসংঘের সংস্কার, পুনর্গঠন ও কাঠামোগত পরিবর্তনের বিষয়ে গ্রিনস্প্যানকে স্পষ্ট অবস্থান তুলে ধরতে হবে।
তার মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ভালো ধারণা থাকা প্রার্থীদের পরিবর্তনের বিষয়ে নিজেদের অঙ্গীকার প্রমাণ করতে বাড়তি পরিশ্রম করতে হয়।
জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। তবে সেই সংস্কার কীভাবে হবে এবং এর সংজ্ঞা কী হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে গ্রিনস্প্যানের সংস্কার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, তার ওপরই নির্ভর করতে পারে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার সম্ভাবনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








