হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার। হামলার পর জাহাজটি ছেড়ে চলে গেছেন এর নাবিকেরা। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামুদ্রিক নিরাপত্তা–সংশ্লিষ্ট কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের ট্যাংকারটি ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল (১৩ কিলোমিটার) দূরে থাকা অবস্থায় একটি অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে চলে যান। তবে তাদের মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ওমান উপকূলের কাছে সর্বশেষ জাহাজটির অবস্থান শনাক্ত হয়েছিল।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি ট্যাংকারে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। ওমানের খাসাব বন্দরনগরের উত্তরে এ হামলার পর জাহাজটির নাবিকদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে সংস্থাটি তখন জাহাজটির নাম বা হামলার বিস্তারিত তথ্য জানায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। প্রতিটি সমুদ্রযাত্রাই এখন নাবিকদের জন্য বাড়তি বিপদের কারণ হয়ে উঠছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








