বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতারা একসঙ্গে বসে শান্তির ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চীনের শেনঝেনে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তারা প্রতীকী ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেন। এতে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। তবে পারমাণবিক অস্ত্র কমানো বা নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট অঙ্গীকার করেননি তারা।
বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তির যৌথ এই ঘোষণা এশিয়ায় ট্রাম্পের তিন দিনের কূটনৈতিক সফরের শেষ পর্বে আসে। সফরজুড়ে ইতিহাস সৃষ্টি এবং শান্তি প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবে বড় কোনো অর্জন দেখাতে পারেননি তিনি। বরং পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রত্যাশা অনুযায়ী, যৌথ ঘোষণায় পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর কোনো প্রতিশ্রুতি ছিল না। তবে তিন নেতা পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।
চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়ে আসছে। বেইজিংয়ের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম।
যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে তিন দেশের যৌথ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে তিনি বলেন, ‘শুধু কথায় হবে না। পারমাণবিক নিরস্ত্রীকরণের কূটনৈতিক উদ্যোগে আরও অনেক বেশি কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’
যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া, সব দেশের জন্য জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে ঘোষণায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সংঘাতের কোনো উল্লেখ ছিল না। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, এতে উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। পাশাপাশি তিনি বলেন, ঘোষণার সিদ্ধান্ত মানতে কাউকে বাধ্য করা হবে না।
রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কারণ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তিন বছরেরও বেশি আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিন ও কয়েকজন রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইল বলেন, আন্তর্জাতিক রীতি ও আদালতের কর্তৃত্বের বিরুদ্ধে বড় শক্তিগুলোর অবস্থান এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
তার ভাষায়, ‘বড় শক্তিগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর ছোট শক্তিগুলোকে তার পরিণতি ভোগ করতে হয়।’
ইলের মতে, এই সম্মেলন থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন পুতিন। এতে তিনি আন্তর্জাতিকভাবে কিছুটা গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছেন এবং একঘরে অবস্থান থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প এমন একটি ছবি তোলার সুযোগ পেয়েছেন, যার বিশেষ প্রয়োজন তার ছিল না।
বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই শেনঝেন ত্যাগ করেন ট্রাম্প।
ইউক্রেন, ইরান ও বাণিজ্যে মতপার্থক্য
দক্ষিণ চীনের শেনঝেন শহরের একটি হ্রদের পাশে গাছপালাঘেরা পাহাড়ি এলাকায় অবস্থিত কাইলিন ভিলায় তিন নেতার বৈঠক হয়। বৈঠকের শুরুতে একে ঐতিহাসিক বলে অভিহিত করেন তারা।
সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’
শি জিনপিং বলেন, ‘ইতিহাস আমাদের শেখায়, বড় শক্তিগুলো যখন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, তখন বিশ্বে শান্তি থাকে। আর তারা যখন সংঘাতে জড়ায়, তখন বিশ্ব অস্থির হয়ে ওঠে।’
ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক সামরিক বিপর্যয়ের পর বৈঠকে অংশ নেন পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতুতে ইউক্রেনের হামলায় সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুতিন বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধও রয়েছে।
রাশিয়ার অর্থনীতি চীনের অর্থনীতির প্রায় এক-দশমাংশ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির অধিকাংশ প্রতিষ্ঠান পশ্চিমা বাজারে ব্যবসা করার সুযোগ থেকেও বঞ্চিত। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও শির সঙ্গে পুতিনের বৈঠককে মস্কোর জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই বার্লিনে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ইউক্রেনীয় কর্মকর্তা এবং দেশটির প্রধান ইউরোপীয় মিত্রদের নেতাদের।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, শেনঝেনের বৈঠক পুতিনের স্বপ্নের ‘নতুন ইয়াল্টা’ হয়ে উঠতে পারেনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
তিনি আরও বলেন, রাশিয়া কার্যত দখল করা ইউক্রেনের ক্রিমিয়ায় প্রকৃত ইয়াল্টার সঙ্গে সংযোগকারী সেতুও হারিয়েছে। পুতিনের বাস্তবতা মেনে নিয়ে এমন একটি যুদ্ধ শেষ করার সময় এসেছে, যে যুদ্ধে তার জয়ের কোনো সুযোগ নেই।
ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। এরপরও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এসব দেশের আশঙ্কা, বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।
কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে জি-২০ সম্মেলনের আয়োজন করবেন ট্রাম্প। সেখানে শি জিনপিংয়ের সঙ্গে তার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। পুতিনের সঙ্গেও তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুতিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। তবে সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার পরিস্থিতি বিবেচনা করবেন।
তিন নেতার বৈঠকের স্থান কাইলিন ভিলা এর আগেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার সাক্ষী হয়েছে। উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইল, শি জিনপিংয়ের বাবা শি ঝংশুন এবং দালাই লামার দূতেরা বিভিন্ন সময়ে সেখানে গিয়েছেন।
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প শি ও পুতিনের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। দুই নেতাকেই বন্ধু বলে সম্বোধন করেন তিনি।
জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা ও কূটনৈতিক বার্তা
সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছানোর সময় নিজের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার কথা তুলে ধরেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিমানবন্দরে তাকে যে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে, তা অন্য নেতাদের অভ্যর্থনার তুলনায় অনেক বেশি ছিল।
পুতিনসহ অন্য নেতাদের অভ্যর্থনা ছিল তুলনামূলক সংযত। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা ছাড়াই চীনে পৌঁছান।
২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে তাকাইচির এক মন্তব্যের পর থেকে জাপান ও চীনের সম্পর্কের অবনতি ঘটে। তিনি বলেছিলেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের কোনো পদক্ষেপ জাপানের ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠলে দেশটির সামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে।
সম্মেলনজুড়ে তাকাইচিকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে। তবে তিনি বলেছেন, তাইওয়ান নিয়ে ১৯৭২ সাল থেকে জাপানের যে অবস্থান, তা পরিবর্তন হয়নি।
তাইওয়ান ইস্যুতে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, দুই দেশের সম্পর্কের বড় ধরনের ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক কাজটি’ করতে হবে।
চীনের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো কোনো বিদেশি নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান শি। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প তাকে যে অভ্যর্থনা জানিয়েছিলেন, তারই পাল্টা সৌজন্য ছিল এটি। বিমানবন্দরে দুই নেতাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গন করতেও দেখা যায়।
ট্রাম্প বলেন, ‘তিনি একজন মহান প্রেসিডেন্ট। চীনের অন্যতম সেরা প্রেসিডেন্ট। তিনি এর আগে কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি। এটি চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশের জন্যই জয়।’
অভ্যর্থনার জাঁকজমক তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘এখানে ছিল আড়ম্বর, সৌন্দর্য, আয়োজন, হাজারো মানুষ, ছোট ছোট শিশু এবং সেনাসদস্য। সব মিলিয়ে অসাধারণ আয়োজন।’
পারমাণবিক অস্ত্র নিয়ে কঠিন আলোচনা
সম্মেলনে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে প্রধান আলোচ্য বিষয় করার ওপর জোর দিয়েছিলেন ট্রাম্প। যদিও এ বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল চীন।
বৈঠকের শুরুতে শি ও পুতিনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়া সহজ কাজ নয়।’
চলতি মাসে যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। এর পরই শি ও ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হলো। তবে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চীনে এনভিডিয়ার চিপ পাচারের অভিযোগ নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মাধ্যমে এনভিডিয়ার চিপ চীনে পাঠানো হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ কতটা কার্যকর এবং চীন ভবিষ্যতে উন্নত প্রযুক্তিতে কতটা প্রবেশাধিকার পাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে তিন পরাশক্তির নেতারা শান্তির ঘোষণা দিলেও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছাতে পারেননি। তাদের এই বৈঠক তাই ঐতিহাসিক হওয়ার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর স্বার্থ ও ছোট দেশগুলোর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নও সামনে এনেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








