‘আমার কাজের মধ্যে এক ধরনের অন্তর্মুখী বৈশিষ্ট্য আছে, আছে গভীর অনুভূতির প্রকাশ। আমি যখন ছবি আঁকি, তখন ছবির বিষয়বস্তুর সঙ্গেও একধরনের সম্পর্ক গড়ে তুলি। সামাজিক জীব হিসেবে এটি আমার কাছে স্বাভাবিক। এর মধ্য দিয়ে একাধিক উদ্দেশ্য পূরণ হয়।’
বিমূর্ত কিংবা বাস্তব, প্রাচীন কিংবা সমকালীন, ছোট কিংবা বড়—শিল্পকর্মের শেষ পর্যন্ত এমন কিছু গুণ থাকা প্রয়োজন, যা তাকে দৃশ্যমান জগতের সীমা ছাড়িয়ে অন্য এক অনুভবের জগতে নিয়ে যায়। এই বিশ্বাসেই অবিচল ভারতের অন্যতম সৃজনশীল ও বহুমাত্রিক আধুনিক শিল্পী যোগেন চৌধুরী। ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত তার শিল্পকর্মে বারবার ফিরে এসেছে প্রতিদিনের জীবনের মুগ্ধতা; নিত্যদিনের পরিচিত দৃশ্য ও মানুষের মধ্যেই তিনি খুঁজে ফিরেছেন অতীন্দ্রিয়তার আভাস।

খুব বেশি দিন আগের কথা নয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এমামি আর্ট আয়োজিত যোগেন চৌধুরীর রেট্রোস্পেকটিভ প্রদর্শনী রেভেরি অ্যান্ড রিয়েলিটি (স্বপ্নালুতা ও বাস্তবতা) কিউরেট করেছিলেন রঞ্জিত হোসকোটে। প্রদর্শনী উপলক্ষে লেখা এক নিবন্ধে তিনি উল্লেখ করেছিলেন, যোগেনের ছবির চরিত্রগুলো আমাদের তাদের অন্তর্জীবন সম্পর্কে ভাবতে আমন্ত্রণ জানায়। সেই চরিত্রদের মধ্যে রয়েছে কামনাতুর কিংবা বিচ্ছিন্ন কোনো যুগল, মাথা ন্যাড়া সন্ন্যাসী, স্বপ্নে বিভোর বালক, বয়সের ভারে নুয়ে পড়া লম্পট কিংবা এমন এক গণিকা, যার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে একসময়ের টানটান দৃঢ়তা। ২০২০ সালের ১৮ ডিসেম্বর কলকাতার আর্ট এক্সপোজিশনে শুরু হওয়া তার একক প্রদর্শনী অ্যান আনফিনিশড পোয়েম (এক অসমাপ্ত কবিতা) উপলক্ষে লেখা এক নোটেও একই ভাবনার পুনরাবৃত্তি করেছেন যোগেন চৌধুরী। আগামী ১৫ ফেব্রুয়ারি ৮২ বছরে পা দিতে যাওয়া এই শিল্পীর মতে, শিল্পকর্মের মধ্যে থাকা চাই এমন এক গুণ, যা তাকে দৃশ্যমান বাস্তবতার সীমা অতিক্রম করতে সাহায্য করে।
বিভিন্ন সময়ে আঁকা, নানা বিষয়, শৈলী ও মাধ্যমের এই ছবিগুলোতে স্পষ্ট হয়ে ওঠে জীবনযাপনের প্রতি যোগেনের গভীর মনোযোগ। তার চারপাশের পরিবেশ, দৈনন্দিন জীবনের খুঁটিনাটি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক—সবকিছুই তার শিল্পের বিষয়। মানুষের অন্তরঙ্গ প্রতিকৃতি, মানুষ, উদ্ভিদ ও প্রাণিজগতের ছবি—সব মিলিয়ে তার শিল্পজগৎ যেন জীবনের এক বহুমাত্রিক পাঠ। এর কিছু ছবি আঁকা হয়েছে করোনাকালের লকডাউনের মধ্যে। এই ছবিগুলো তার শিল্পচর্চার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথাও মনে করিয়ে দেয়। মানুষের অবয়ব ও ভঙ্গির বিকৃতি তাঁর কাছে নিছক শৈলীগত কৌশল নয়; বরং মানুষের অন্তর্গত জটিলতা এবং পরিবেশ ও পৃথিবীর সঙ্গে তার সম্পর্কের বহুমাত্রিকতা প্রকাশের সচেতন প্রয়াস। শিল্পসমালোচক, কিউরেটর, সংগ্রাহক ও লেখক ইনা পুরি প্রদর্শনীর ক্যাটালগে প্রকাশিত এক নিবন্ধে বিষয়টি তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, বারবার ফিরে আসা ক্ষতবিক্ষত শরীর ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গের ছবি শিল্পীর অন্তর্গত যন্ত্রণারই প্রকাশ। কেটে ফেলা আঙুল কিংবা শরীরজুড়ে গভীর ক্ষতচিহ্ন নিয়ে শুয়ে থাকা নগ্ন মানুষের ছবি তার আঁকা দৃশ্যগুলোতে সেই যন্ত্রণাকে আবারও স্পষ্ট করে তোলে। ছবিগুলো অস্বস্তিকর, অথচ প্রবলভাবে আকর্ষণীয়। দেশের সাম্প্রতিক ইতিহাসের প্রতি এগুলো এক শক্তিশালী ভাষ্য, এমন সব দৃশ্যকাহিনি, যা দর্শকের কল্পনায় দীর্ঘস্থায়ী দাগ রেখে যায়।
যোগেন চৌধুরী নিজেও প্রদর্শনীর ক্যাটালগে লিখেছেন, নারী-পুরুষের সম্পর্ক এবং তাকে ঘিরে থাকা অসংখ্য অনুষঙ্গ তার ছবিতে বারবার ফিরে এসেছে। এই সম্পর্কের জটিলতা, সংবেদনশীলতা ও নাটকীয় উপাদান তাকে আকৃষ্ট করে। তিনি চান, তার শিল্পকর্ম হয়ে উঠুক তীব্র, সংবেদনশীল ও জীবন্ত—অর্থাৎ তার মধ্যে যেন শিল্পের মৌলিক গুণাবলি উপস্থিত থাকে।
ইনা পুরি তার নিবন্ধে লিখেছেন, যোগেনের আঁকা নারী-পুরুষের মুখে ফুটে ওঠে ক্লান্তি। মনে হয়, গতকালের প্রেমিক-প্রেমিকারা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। তাদের প্রেম এখন যেন কবিতার বইয়ের পাতার ভেতর বহুদিন ধরে চাপা পড়ে থাকা শুকনো ফুল। পেছনের দৃশ্যপটে আড়ালে থেকে যায় এক অদৃশ্য শহরের উপস্থিতি। হয়তো সেটি ধোঁয়া উদ্গিরণকারী কারখানায় ভরা কোনো নির্মম নগর, কিংবা মানুষের ভিড়ে ভারাক্রান্ত এক মহানগর, যেখানে সবাই প্রতিদিনের জীবনযাপনের নিয়মগুলো মেনে চলার চেষ্টা করছে—একটি ভালো আগামীকালের আশায়। দিল্লি, শান্তিনিকেতন ও কলকাতায় বসবাস এবং কাজ করা যোগেনের কাছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসের মধ্যেও শিল্পের রূপ খুঁজে পাওয়া জরুরি। তার মতে, সাধারণ মানুষের মধ্যে শিল্পবোধ গড়ে তোলার জন্য এটি প্রয়োজন। এসব পরিচিত বস্তুর মধ্য দিয়েই মানুষ শিল্পের সংস্পর্শে আসতে পারে। বিছানা, বাতির স্ট্যান্ড, হাঁড়িপাতিল, চামচ কিংবা কাপড়—প্রায় প্রতিটি বাড়িতেই থাকা এমন জিনিসের মধ্যেও শিল্পসম্মত আকার, রং ও রেখার উপস্থিতি থাকতে পারে। ব্যবহার ও দেখার মধ্য দিয়ে এসব বস্তু মানুষকে আনন্দ দিতে পারে।

২০২১ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাইয়ের আকরা আর্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার নতুন প্রদর্শনী প্রক্সিমেট পাথস। এতে যোগেনের অন্তর্মুখী আত্মপ্রতিকৃতি এবং বাংলার মধ্যবিত্ত সমাজের ব্যঙ্গাত্মক উপস্থাপনা বিশেষ গুরুত্ব পায়। প্রদর্শনীতে তার কাজের সঙ্গে তুলনা করা হয় একই প্রজন্মের আরেক গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী ভূপেন খাখারের শিল্পভাষার। ভূপেনের অনুপ্রেরণা ছিল মূলত রাস্তার সাধারণ মানুষ—নাপিত, দর্জি কিংবা ঘড়ি মেরামতকারীর মতো পেশাজীবীদের জীবন। প্রদর্শনীটি অনুসন্ধান করে, কীভাবে এই দুই শিল্পীই রাজনৈতিকভাবে সচেতন আখ্যানধর্মী চিত্রকলার বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে নিয়োগী বুকস থেকে ২০২০ সালে প্রকাশিত অনুরাধা ঘোষের বই দ্য আফটারলাইফ অব সাইলেন্স: স্টিল লাইফস অব যোগেন চৌধুরী (নীরবতার পরজীবন: যোগেন চৌধুরীর স্থিরচিত্র) শিল্পীর স্টিল লাইফ বা স্থিরচিত্রের জগৎকে গভীরভাবে বিশ্লেষণ করেছে। কলকাতার দিনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ইংরেজির সহযোগী অধ্যাপক অনুরাধা ঘোষ তার বইয়ে যোগেনের স্থিরচিত্রের বিবর্তন তুলে ধরেছেন। তার ভাষ্যে, এই শিল্পী মূলত ঘরের ভেতরের জগৎ, অন্দরমহলের নাটকীয়তা এবং গৃহস্থালির পরিসর নিয়েই বেশি আগ্রহী।
ভারতীয় আধুনিক চিত্রকলার অন্যতম স্বতন্ত্র শিল্পী যোগেন চৌধুরীর ছবিতে প্রতিদিনের জীবন, মানুষের অন্তর্জগৎ, নিঃসঙ্গতা ও সামাজিক বাস্তবতা মিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্যভাষা। পূর্ব বাংলার শৈশবস্মৃতি, দেশভাগের অভিঘাত, কলকাতার রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের বিচিত্র অভিব্যক্তি তার শিল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিমূর্ত শিল্পের প্রবল প্রভাবের সময়ে তিনি বেছে নিয়েছিলেন অবয়বনির্ভর চিত্রকলা, গড়ে তুলেছিলেন নিজস্ব শিল্পভাষা। কালি, জলরং ও প্যাস্টেলের সূক্ষ্ম প্রয়োগে তার ছবিতে ফুটে ওঠে মানুষের শরীর ও মনের জটিলতা। এই সাক্ষাৎকারে শিল্পী কথা বলেছেন তার শিল্পী হয়ে ওঠার গল্প, শিল্পভাবনা, আঙ্গিক ও বিষয়বস্তুর সম্পর্ক, দেশজ ঐতিহ্যের প্রভাব এবং সমকালীন ভারতের রাজনৈতিক বাস্তবতা নিয়ে।
দ্য পাঞ্চ ম্যাগাজিনের জন্য শিল্পী যোগেন চৌধুরীর এই সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক ও লেখক নওয়াইদ আনজুম। এদিন অনলাইন পাঠকের জন্য সাক্ষাৎকারটির অংশ বিশেষ অনুবাদ করল।

নওয়াইদ আনজুম: ভূপেন খাখার, গিভ প্যাটেল, নলিনী মালানি, গুলামমোহাম্মদ শেখ, নীলিমা শেখ, সুধীর পাটবর্ধন ও বিবান সুন্দরমের মতো শিল্পীদের সঙ্গে আপনিও এমন একটি প্রজন্মের প্রতিনিধি, যারা সমকালীন ভারতীয় শিল্পকলার গতিপথ নির্মাণ করেছেন। সদ্য স্বাধীন একটি দেশে এবং উত্তরাধুনিকতা ও উত্তর-ঔপনিবেশিকতার নানা প্রশ্নে আলোড়িত এক বিশ্বপরিসরে আপনাদের শিল্পীজীবনের সূচনা। এই প্রজন্মের অধিকাংশ শিল্পীই মানুষের জীবন ও অবয়বকে উপস্থাপনের ক্ষেত্রে আঞ্চলিক বাস্তবতা এবং রূপকধর্মী প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন। আপনার শিল্পকর্ম কীভাবে সমকালীন সমাজ-সংস্কৃতির নানা উপাদান ও প্রবণতার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং সেগুলো দ্বারা প্রভাবিত বলে মনে করেন?
যোগেন চৌধুরী: ১৯৮১ সালে ‘প্লেস ফর পিপল’ প্রদর্শনীতে যেসব শিল্পীবন্ধুর সঙ্গে আমি অংশ নিয়েছিলাম, তাদের তুলনায় আমার শৈশব ও কৈশোরের অভিজ্ঞতা ছিল বেশ আলাদা। ১৯৪৮ সালে আমার বয়স যখন মাত্র নয় বছর, তখন পূর্ব পাকিস্তান থেকে আমাদের পরিবার কলকাতায় চলে আসে। ফেলে আসতে হয়েছিল পৈতৃক ভিটেমাটি। শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি উদ্বাস্তু কলোনিতে আমাদের ঠাঁই হয়। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, বামপন্থী আন্দোলন এবং অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে আমাদের জীবন বেশ কঠিন হয়ে উঠেছিল। তবে এর পাশাপাশি আমরা সাংস্কৃতিক ও সাহিত্যিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলাম। নাটক, দুর্গাপূজা এবং নানা সামাজিক আয়োজন নিয়ে সদ্য গড়ে ওঠা প্রায় প্রতিটি উদ্বাস্তু কলোনির মানুষই ছিল ভীষণ উৎসাহী। আমিও একটি সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সংগঠক ছিলাম। ১৯৬১ সালে আমরা বাংলায় ১৬ পৃষ্ঠার একটি সাহিত্যপত্রিকা প্রকাশ করি। নাম ছিল ‘নন্দীমুখ’।
১৯৬০ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট থেকে স্নাতক হওয়ার পর হাওড়া জেলা স্কুলে চাকরি পাই। বেতন ছিল ১২৫ টাকা। পাশাপাশি নিজের শিল্পচর্চাও চালিয়ে যেতাম। মাত্র ১০ বাই ১০ ফুটের একটি ছোট স্টুডিওতে বসে খবরের কাগজের ওপর আঁকতাম, পেস্টবোর্ডে ছবি আঁকতাম। এতেই আমি বেশ সুখী ছিলাম। সে সময় কলকাতা ছিল জনাকীর্ণ এক শহর। নিয়মিত রাজনৈতিক ধর্মঘট, মিছিল ও সভা-সমাবেশ লেগেই থাকত। এর পাশাপাশি প্রতিবছর দুর্গাপূজা, চলচ্চিত্র উৎসব, সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান, আর্ট একাডেমি অব ফাইন আর্টসে শিল্পপ্রদর্শনী—সব মিলিয়ে শহরটি ছিল নানা কর্মকাণ্ডে মুখর। ছোটবেলা থেকেই মানুষের প্রতি আমার গভীর কৌতূহল ছিল। তাদের অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, আনন্দ ও বেদনা আমি মনোযোগ দিয়ে লক্ষ করতাম। মানুষের সঙ্গে আমার সম্পর্ক এবং চারপাশের পরিবেশের সঙ্গে সংযোগ ছিল গভীর। ধীরে ধীরে এসবই আমার শিল্পকর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

নওয়াইদ আনজুম: একজন শিল্পী হিসেবে আপনি প্রচলিত প্রবণতাকে অস্বীকার করেছেন, সময়ের প্রতিষ্ঠিত রীতিনীতি থেকে বেরিয়ে এসে নিজের স্বতন্ত্র শৈলী ও শিল্পভাষা নির্মাণ করেছেন। যেমন, ষাটের দশকে যখন অধিকাংশ ভারতীয় শিল্পী বিমূর্ত শিল্পচর্চায় মগ্ন, তখন আপনি বেছে নিয়েছিলেন অবয়বনির্ভর বা ফিগারেটিভ চিত্রকলা। এই সচেতন সিদ্ধান্তের পেছনে আপনার মূল অনুসন্ধানটি কী ছিল?
যোগেন চৌধুরী: কথাটি সত্যি যে ষাট ও সত্তরের দশকে আমাদের অনেক বিশিষ্ট শিল্পী বিমূর্ত শিল্পের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাদের ধারণা ছিল, বিমূর্ত শিল্পই আধুনিকতার পরিচায়ক এবং শিল্পের চূড়ান্ত প্রকাশ। আসলে তারা পশ্চিমা শিল্পের বিকাশের ধারাকে প্রায় অন্ধভাবে অনুসরণ করছিলেন। আমাদের নিজস্ব সমাজের স্থানীয় উপাদান ও জীবনবোধ থেকে যে বিপুল সৃজনশীল সম্ভাবনার জন্ম হতে পারে, তা তারা অনেকটা উপেক্ষা করেছিলেন। অথচ বিষয়টি আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারত। আমার সব সময় মনে হয়েছে, ভারত এমন এক সমৃদ্ধ দেশ, যেখানে একজন সৃজনশীল মানুষের সামনে অসংখ্য সম্ভাবনা উন্মুক্ত। আমাদের অতীতের শিল্প ও সংস্কৃতি, লোকশিল্প, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য, দারিদ্র্য, দুর্নীতি—এত রকম জটিল ও বহুমাত্রিক উপাদান রয়েছে, যা একজন শিল্পীকে নতুন দৃশ্যভাষা ও নতুন চিত্রকল্প নির্মাণে অনুপ্রাণিত করতে পারে।
আমি মনে করি, বিমূর্ততা শুধু বিমূর্ত রূপের মধ্যেই থাকে না; বাস্তব অবয়বের মধ্যেও তার অস্তিত্ব রয়েছে। মানুষের শরীর কিংবা যেকোনো বস্তুর মধ্যেও বিমূর্ততার উপাদান খুঁজে পাওয়া যায়। আমি বাস্তবতাকে হুবহু অনুকরণ করে ছবি আঁকি না। আকার, রং, স্বর ও রেখার ক্ষেত্রে প্রয়োজনমতো বিকৃতি ঘটাই, যতক্ষণ না সেই রূপ আমার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত একটি বাস্তব অবয়বের মধ্যে অসীমতা, আধ্যাত্মিকতা কিংবা জাদুময়তার অনুভূতি নিয়ে আসতে হয়। তবেই তাকে বলা যায় অতীন্দ্রিয়তার স্তরে পৌঁছানো শিল্পকর্ম। শিল্পীরা যখন গভীর সৃজনশীল নিমগ্নতায় থাকেন, একধরনের ঘোরের মধ্যে কাজ করেন, তখনই এমনটি ঘটে। কবি, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী কিংবা চিত্রশিল্পী—সব সৃজনশীল মানুষের ক্ষেত্রেই এটি সত্য। আমার মনে হয়, মানুষ এবং মানুষের অবয়ব নির্মাণ সব সময়ই আমাদের দৃশ্যশিল্পের গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভবিষ্যতেও থাকবে। অবশ্য ভবিষ্যতে তা আজকের মতো থাকবে না। নতুন নতুন মাধ্যম, কৌশল ও শৈলীর মধ্য দিয়ে এর প্রকাশ ঘটবে।
নওয়াইদ আনজুম: কালি, জলরং ও প্যাস্টেলে ছবি আঁকাই আপনার শিল্পচর্চার প্রধান বৈশিষ্ট্য। রেখাচিত্রে আপনি শরীরের বাঁক, কোমল বক্রতা এবং বিকৃত অঙ্গভঙ্গির নানা দিক তুলে ধরেছেন। কালির সঙ্গে প্যাস্টেল ব্যবহার করে শরীরের আয়তন তৈরি করেছেন আলো-ছায়ার সূক্ষ্ম বিন্যাসে। আপনার কালি ও প্যাস্টেলের কাজে ক্রস-হ্যাচিং বা পরস্পরকে ছেদ করা সূক্ষ্ম রেখার ব্যবহার এমন এক মধ্যবর্তী টোনের বিভ্রম তৈরি করে, যা আপনার শিল্পশৈলীর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
কীভাবে এই নিজস্ব শৈলীতে পৌঁছালেন? ১৯৬৭ সালে প্যারিসের বোজ-আর্তে পড়তে যাওয়ার অভিজ্ঞতা এবং ইউরোপীয় শিল্পধারার প্রভাব কতটা ছিল এর পেছনে? আপনার ছবিতে আঙ্গিক কি বিষয়বস্তুকে পরিচালিত করে? আঙ্গিক ও বিষয়বস্তুর সম্পর্ককে আপনি কীভাবে দেখেন?
যোগেন চৌধুরী: শিল্পচর্চার একেবারে শুরু থেকেই বুঝতে পেরেছিলাম, কোনো বস্তু কিংবা মানুষের অবয়বের আয়তন ও তার আলো-ছায়ার সূক্ষ্ম পরিবর্তন আমি সহজেই দেখতে ও অনুভব করতে পারি। সম্ভবত এটি আমার সহজাত ক্ষমতা। এই ক্ষমতাই কোনো অবয়ব কিংবা দৃশ্যমান বস্তুকে আয়তন ও আলোর নানা মাত্রাসহ আঁকতে আমাকে সাহায্য করেছে। আর্ট কলেজের উচ্চতর শ্রেণিতে পড়ার সময় ক্রস-হ্যাচিংয়ের ব্যবহার শুরু করি। কলম ও কালিতে ছবি আঁকার সময় ছায়া তৈরি করতে পরস্পরকে ছেদ করা রেখা ব্যবহার করতাম। শুরুতে বিষয়টি ছিল খুবই সাধারণ একটি প্রয়োগ। পরে এই কৌশলকে সৃজনশীলভাবে কাজে লাগাতে শুরু করি। কাগজের ওপর ছবি আঁকার সময় কালি, প্যাস্টেল ও জলরঙের সঙ্গে এই পদ্ধতি ব্যবহার করেছি।
১৯৬৮-৬৯ সাল থেকে কৌশলটি আমি গুরুত্বের সঙ্গে ব্যবহার করতে শুরু করি। মাদ্রাজে থাকার সময় রিমিনিসেন্সেস অব আ ড্রিম (স্বপ্নের স্মৃতিচারণ) নামে কাগজের ওপর কালি ও কলমে একগুচ্ছ ছবি আঁকি। এরপর এই পদ্ধতিতে শত শত কাজ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো টাইগার ইন দ্য মুনলিট নাইট, লাইফ-২, ম্যান ১৯৮০, হার সিলভার থ্রোন এবং উন্ডেড। ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ইউরোপ ও প্যারিসে থাকার সময় ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্সের অনেক শিল্পকলা প্রদর্শনশালা, জাদুঘর ও গির্জা দেখার সুযোগ হয়েছিল। অতীতের এবং সমকালীন ইউরোপীয় শিল্পের অসংখ্য নিদর্শন দেখেছি। শ্রেণিকক্ষের শিক্ষার বাইরেও এসব অভিজ্ঞতা আমার জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়। বিশ্বের বড় বড় শিল্পকর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল, কিন্তু সেগুলো আমাকে অভিভূত করে ফেলেনি। বরং একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে নিজের অবস্থান নির্ধারণে সাহায্য করেছে। আমি তখন শিল্পের নিজস্ব একটি ভাষা খুঁজছিলাম, যার মধ্য দিয়ে নিজের অনুভূতি ও ভাবনা প্রকাশ করতে পারব।
১৯৬৮ সালে ভারতে ফিরে মাদ্রাজে প্রায় এক বছর থাকলেও কোনো শিল্পকর্ম করতে পারিনি। সেই সময় বাংলায় একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলাম—একজন তরুণ শিল্পী হিসেবে আমার কী করা উচিত, তা নিয়ে। আমার মনে হয়, একটি শিল্পকর্মের আঙ্গিক ও বিষয়বস্তু—দুটিই সমান গুরুত্বপূর্ণ। দৃশ্যশিল্পে আঙ্গিক তৈরি হয় দৃশ্যমান বস্তু, অবয়ব কিংবা কাঠামো থেকে। অন্যদিকে বিষয়বস্তুর জন্ম হয় শিল্পীর কল্পনাশক্তি, মনন ও অভিজ্ঞতা থেকে। দৃশ্যশিল্পে আঙ্গিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি বিমূর্ত হতে পারে, বাস্তবও হতে পারে। তবে তার মধ্যে অতীন্দ্রিয়তার উপাদান থাকা প্রয়োজন। আবার কোনো আঙ্গিক কিংবা পরিসরের যথার্থতা নির্ধারণের বিষয়টি নির্ভর করে শিল্পী বা স্রষ্টার বোধ, বিচারবুদ্ধি ও প্রজ্ঞার ওপর। একটি যথার্থ বিমূর্ত শিল্পকর্মে আঙ্গিকই বিষয়বস্তু হয়ে ওঠে।
নওয়াইদ আনজুম: আপনার বিপুল ও বৈচিত্র্যময় শিল্পকর্মের দিকে তাকালে দেখা যায়, আঙ্গিক ও বিষয়বস্তু—উভয় ক্ষেত্রেই আপনার শৈলী ক্রমাগত পরিবর্তিত ও বিবর্তিত হয়েছে। প্রথম দিকের ছবিগুলোতে অন্ধকারের আধিক্য এবং পরিসরের সরল, প্রতীকী উপস্থিতি লক্ষ করা যায়। পরবর্তী সময়ে আপনার কাজ আরও ব্যক্তিগত হয়ে উঠেছে। সেখানে দৈনন্দিন জীবনের নানা বিষয় উঠে এসেছে; ঐতিহ্যবাহী বাংলা চিত্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে সমকালীন চিত্রকলার নাগরিক আত্মসচেতনতা। এই বিবর্তনকে কি আপনার শিল্পচর্চার মূল বৈশিষ্ট্য বলে মনে করেন? শিল্পীজীবনের বিভিন্ন পর্যায়ের দিকে ফিরে তাকালে সেগুলোকে কীভাবে দেখেন?
যোগেন চৌধুরী: আর্ট কলেজ থেকে বের হওয়ার পরপরই কয়েকটি ছবি এঁকেছিলাম, যেগুলোতে ষাটের দশকের কলকাতার অস্থির, বিপর্যস্ত ও অবক্ষয়িত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ছিল। সেসব ছবির নাম দিয়েছিলাম রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য হেল কিংবা রিটায়ার্ড হর্স। তখন থেকেই মনে মনে ঠিক করেছিলাম, অন্যদের মতো কিছু আঁকব না। ১৯৬৫ সালে প্যারিসে থাকার সময় খবরের কাগজের ওপর কালো ড্রাই প্যাস্টেল দিয়ে বড় আকারের মানবদেহের ধড় বা টর্সোর কিছু ছবি এঁকেছিলাম। কয়েকটি তৈলচিত্রও এঁকেছিলাম। সেগুলোতে ছিল কিছুটা বিমূর্ত, শারীরিক অভিব্যক্তিনির্ভর অবয়ব। তবে নতুন পরিবেশে তখন কী আঁকব, তা নিয়ে আমার মনে যথেষ্ট দ্বিধা ছিল। অন্য কিছু কল্পনা করতেও পারছিলাম না। ১৯৬৮ সালে ভারতে ফিরে মাদ্রাজে থাকার সময় প্রায় এক বছর কোনো কাজ করতে পারিনি। তবে ওই সময়েই ‘আমি কী আঁকব এবং কেন আঁকব?’ শিরোনামে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলাম। এর পরের চার বছরে কালি, কলম ও মিশ্র মাধ্যমে কাগজের ওপর ত্রিশটিরও বেশি ছবি আঁকি। সিরিজটির নাম ছিল রিমিনিসেন্সেস অব আ ড্রিম। পূর্ব বাংলায় আমার শৈশবের স্মৃতি ছিল এসব ছবির বিষয়। প্রথম পর্বে পদ্মফুল, সাপ ও মাছের ছবি এসেছে। দ্বিতীয় পর্বে রয়েছে কাপড়, জ্যাকার্ড তাঁত, লতাগুল্ম, আপেলসহ নানা বিষয়।
শিল্পের প্রতি আগ্রহী অন্য সবার মতো আমারও নানা ধরনের কৌতূহল ছিল। বিভিন্ন অদ্ভুত ও বিচিত্র শিল্পবস্তু, প্রত্ননিদর্শন, ঐতিহ্যবাহী ছবি, চিৎপুরের কাঠখোদাই চিত্র এবং কালীঘাটের পটচিত্র খুঁজে বের করতে কিংবা সংগ্রহ করতে ভালো লাগত। বাংলার লোকনাট্য যাত্রাও উপভোগ করতাম। সেখানে নারী ও পুরুষের অভিনয়, সাজপোশাক—সবকিছুতেই থাকত একধরনের নাটকীয়তা। এসব চরিত্র ও তাদের পোশাক আমাকে অনুপ্রাণিত করত। পূর্ব বাংলায় থাকতেও গ্রামের যাত্রাপালা দেখেছি। সেই স্মৃতিগুলো গভীরভাবে মনে গেঁথে ছিল। আমাদের গ্রামের জলাশয়, পদ্মফুল, পুকুর ও নদীর নানা ধরনের মাছ—সবকিছুই একসময় আমার ছবির অংশ হয়ে ওঠে। ১৯৭২ সালে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ‘কিপার অব আর্ট’ হিসেবে যোগ দিই। সেখানে প্রায় ১৫ বছর কাজ করেছি। ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল। এই সময়ে আমার কাজের চরিত্রেও স্বাভাবিকভাবে পরিবর্তন আসে। রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তব্য, জরুরি অবস্থা—এ ধরনের নানা বিষয় আমার ছবিতে জায়গা করে নেয়। অনেক ব্যঙ্গাত্মক প্রতিকৃতিও এঁকেছিলাম। এই সময়ে কালি, কলম ও প্যাস্টেলে কাগজের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করি। যেমন টাইগার ইন দ্য মুনলিট নাইট, ম্যান ইন ১৯৮০, লাইফ ২, ম্যান অন সোফা, দ্য প্রিচার, ম্যান অন দ্য ফ্লোর এবং ম্যান অন দ্য ম্যাট।
দিল্লিতে আঁকা কাজগুলো আমাকে পরিচিতি এনে দেয়। ১৯৭৬ সালে গীতা কাপুর কিউরেট করা পিক্টোরিয়াল স্পেস, ১৯৮০ সালে তাঁরই কিউরেট করা প্লেস ফর পিপল এবং ১৯৭৮ সালে বোম্বেতে গুলামমোহাম্মদ শেখের কিউরেট করা নিউ কনটেম্পোরারিজ প্রদর্শনীতে অংশ নিই। এ ছাড়া সাও পাওলো বিয়েনালে, জাপানের ফুকুওকায় এশীয় শিল্প প্রদর্শনী, ওয়াশিংটন ডিসির হিরশহর্ন মিউজিয়াম, লন্ডনে ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতেও আমার কাজ প্রদর্শিত হয়েছে। ১৯৮৭ সালে বাংলায় ফিরে শান্তিনিকেতনের কলাভবনে চিত্রকলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিই। নতুন পরিবেশে আবারও আমার শিল্পকর্মে কিছু পরিবর্তন আসে। তৈলচিত্রের একটি সিরিজ এঁকেছিলাম, যা কলকাতার সিমা গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল। শান্তিনিকেতনে গত ৩৩ বছরে কালি ও কলমে ক্রস-হ্যাচিং পদ্ধতিতে অসংখ্য ছবি এঁকেছি। প্যাস্টেলেও এঁকেছি অনেক ছবি—কাগজের ওপর যেমন, তেমনি বড় ক্যানভাসেও। এই দীর্ঘ সময়ে আমার ছবির বিষয়বস্তু নানা দিকে বিস্তৃত হয়েছে। গৃহস্থালি জীবনের নারী-পুরুষের সম্পর্ক নিয়ে ব্যঙ্গাত্মক সিরিজ থেকে শুরু করে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা ও হত্যাকাণ্ড, বাংলার রাজনৈতিক হত্যাকাণ্ড, এমনকি আবু গারিব কারাগারে মার্কিন সেনাদের হাতে ইরাকি বন্দিদের নির্যাতনের ঘটনাও আমার ছবিতে উঠে এসেছে।
আমার মনে হয়, আঁকার কৌশল ও কারিগরি দক্ষতার ওপর নিয়ন্ত্রণ থাকায় আমি স্বাধীনভাবে কাজ করতে পারি।
নওয়াইদ আনজুম: আপনার অধিকাংশ কাজেই একধরনের ইন্দ্রিয়গ্রাহ্যতা ও ভাস্কর্যধর্মী অনুভূতি স্পষ্ট। এই বুনট বা টেক্সচারের মধ্য দিয়ে আপনি আসলে কী প্রকাশ করতে চান?
যোগেন চৌধুরী: আসলে আমার ছবিতে ইন্দ্রিয়গ্রাহ্যতা কিংবা ভাস্কর্যধর্মী অনুভূতি স্বাভাবিকভাবেই চলে আসে। ইন্দ্রিয়গ্রাহ্যতা ও ভাস্কর্যধর্মী অনুভূতি মানুষের সহজাত অনুভবের অংশ। প্রাগৈতিহাসিক কাল থেকেই এগুলোর অস্তিত্ব রয়েছে। পৃথিবীর প্রতিটি সংস্কৃতির মহান শিল্প-ঐতিহ্যের মধ্যেও এর উপস্থিতি দেখা যায়। আর টেক্সচার বা পৃষ্ঠতলের বুনট কোনো শরীর কিংবা বস্তুর আয়তন ও আলো-ছায়ার সূক্ষ্ম পরিবর্তনকে আরও সংবেদনশীল ও তীব্র করে তুলতে সাহায্য করে।
নওয়াইদ আনজুম: মহামারির এই সময়ে, যখন আমাদের অধিকাংশ মানুষই নিজেদের অন্তর্জগতের দিকে তাকাতে বাধ্য হয়েছে, আপনার কাজের অন্তর্মুখী বৈশিষ্ট্য যেন আমাদের বর্তমান অবস্থার সঙ্গে আরও বেশি করে মিলে যাচ্ছে। এমন এক সময়ে, যখন পৃথিবী বাইরের দিকে তাকাচ্ছিল—ভারতের ক্ষেত্রেও যেমন পশ্চিমের দিকে তাকানোর প্রবণতা ছিল—তখন কী আপনাকে মানুষের নির্জন ও নিরিবিলি মুহূর্তগুলো আঁকতে আকৃষ্ট করেছিল? তাদের একান্ত ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে তাদের মনের ভেতরের উদ্বেগ, দ্বিধা, যন্ত্রণা ও আনন্দের মুহূর্তগুলো তুলে ধরার পেছনে কী কাজ করেছে?

যোগেন চৌধুরী: মানুষ ও বস্তুর অবয়বনির্ভর শিল্পকর্ম যেকোনো সংস্কৃতির শক্তিশালী প্রকাশমাধ্যম। আমার মনে হয় না, এই শিল্পচর্চা কখনো থেমে যাবে। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা নতুনভাবে নবায়িত হবে এবং সৃজনশীল রূপ পাবে। আমার কাজের মধ্যে একধরনের অন্তর্মুখী বৈশিষ্ট্য আছে, আছে গভীর অনুভূতির প্রকাশ। আমি যখন ছবি আঁকি, তখন ছবির বিষয়বস্তুর সঙ্গেও একধরনের সম্পর্ক গড়ে তুলি। সামাজিক জীব হিসেবে এটি আমার কাছে স্বাভাবিক। এর মধ্য দিয়ে একাধিক উদ্দেশ্য পূরণ হয়। একদিকে আমি সৃজনশীল কাজে নিমগ্ন থাকি, অন্যদিকে মানুষের সঙ্গে আমার সম্পর্কও নতুন করে প্রতিষ্ঠিত হয়। ছবি আঁকার সময় তাদের আরও কাছের বলে অনুভব করি। তাদের মনের গভীরে থাকা উদ্বেগ, দ্বিধা, যন্ত্রণা কিংবা আনন্দ—সবকিছুই যেন অনুভব করতে পারি।
নওয়াইদ আনজুম: আপনার রেট্রোস্পেকটিভ প্রদর্শনী রেভেরি অ্যান্ড রিয়েলিটি কিউরেট করতে গিয়ে রঞ্জিত হোসকোটে আপনাকে একজন কল্পনাপ্রবণ গল্পকার বা ‘ফ্যাবুলিস্ট’ হিসেবে অভিহিত করেছিলেন। প্রতিটি শিল্পকর্মে কি আপনি সচেতনভাবে কোনো গল্প বলতে চান? ছবির চরিত্রগুলোর জন্য একটি নির্দিষ্ট পরিবেশ ও প্রেক্ষাপট নির্মাণ করেন কি?
যোগেন চৌধুরী: আমার মনে হয়, আমার কাজের বড় অংশই আখ্যানধর্মী নয়। তাই নিজেকে কেবল একজন ‘ফ্যাবুলিস্ট’ বা গল্পকার বলে মনে করি না। আমার ছবিগুলোর দিকে তাকালে দেখা যাবে, সেখানে নানা ধরনের চরিত্র ও প্রকৃতি রয়েছে। কখনো সেগুলো অভিব্যক্তিবাদী, কখনো কাব্যিক ও গীতল; কখনো কল্পনার ছবি, কখনো জৈবিক বৈশিষ্ট্যসম্পন্ন, তীব্রভাবে বিকৃত অবয়ব। আবার কখনো সেগুলো অলংকারধর্মী ও পুষ্পশোভিত, কখনো বিমূর্ত ও ইন্দ্রিয়গ্রাহ্য। আমার কাজগুলো জটিল, সমালোচনামূলক ও সংবেদনশীল। এর মধ্যে রয়েছে গভীর সামাজিক বার্তা। দৃশ্যগত ও আঙ্গিকগত বিষয়বস্তুর পাশাপাশি রয়েছে কাঠামো ও অঙ্গভঙ্গির প্রকাশ। মৌলিকভাবে আমার কাজগুলো অতীন্দ্রিয়তার বৈশিষ্ট্য ধারণ করে।
নওয়াইদ আনজুম: অনুরাধা ঘোষের দ্য আফটারলাইফ অব সাইলেন্স বইটি আমাদের বুঝতে সাহায্য করে, কীভাবে আপনার শিল্পকর্ম আপনার ভাবনা ও আদর্শের জগৎ দ্বারা গভীরভাবে প্রভাবিত। বইটিতে ইউরোপীয় স্থিরচিত্র অঙ্কনের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, ইউরোপীয় ঐতিহ্যের সঙ্গে আপনার কাজের কিছু মিল থাকলেও মৌলিকভাবে তা ভিন্ন; বরং আপনার শিল্পকর্ম দৃঢ়ভাবে প্রোথিত নিজস্ব দেশজ বাস্তবতায়। আপনার স্থিরচিত্রগুলো আঁকার পেছনে কী ভাবনা কাজ করেছে? ছবির পরিসর বা পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ ছিল?
যোগেন চৌধুরী: আমার স্থিরচিত্রগুলো বাস্তবতার কোনো বাঁধাধরা নিয়ম মেনে চলে না। আলো-ছায়া, কাঠামো কিংবা রঙের কোনো নির্দিষ্ট শৃঙ্খলের প্রতিও এগুলোর দায়বদ্ধতা নেই। ছবিগুলো এঁকেছি অনেকটা নিজের খেয়ালে, স্রেফ দৃশ্যগত ও আঙ্গিকগত সৌন্দর্য উপভোগ করতে করতে।
নওয়াইদ আনজুম: বইটিতে এমন একটি অধ্যায়ও রয়েছে, যেখানে আপনার স্থিরচিত্রে আকাঙ্ক্ষা এবং তার বিপরীত অনুভূতি—ভয় বা শঙ্কা—কীভাবে স্বতন্ত্র প্রতীকী জগৎ তৈরি করে, তা আলোচনা করা হয়েছে। সেখানে ‘অপ্রাপ্যতার নস্টালজিয়া’ বা যা আর পাওয়া সম্ভব নয়, তার জন্য একধরনের স্মৃতিকাতরতার কথাও এসেছে। আকাঙ্ক্ষার বিভিন্ন মাত্রা আপনার রঙের জগৎকে কীভাবে প্রভাবিত করে বলে মনে করেন?
যোগেন চৌধুরী: হ্যাঁ, আমি কয়েকটি স্থিরচিত্র এঁকেছি, যেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশের সঙ্গে অর্ধেক কাটা রক্তিম তরমুজের অংশ এবং নারীর স্তনের রহস্যময় সংমিশ্রণ ঘটেছে। সেখানে হয়তো কোনো গোপন আকাঙ্ক্ষা নিজের প্রকাশের পথ খুঁজেছে। আসলে এটি ছিল আমার অবচেতন মনের সৃষ্টি।
নওয়াইদ আনজুম: আপনার প্রজন্মের শিল্পীরা ইতিহাসের মুখোমুখি হয়েছিলেন ‘প্রতিরোধের কাব্য ও রাজনীতি, নিরন্তর প্রশ্ন এবং সাহসী অভিব্যক্তিমূলক শিল্পভাষার’ মধ্য দিয়ে—রঞ্জিত হোসকোটে তার লেখায় এমনটাই উল্লেখ করেছেন। আপনার কৈশোরের কলকাতা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় একটি শহর। সে সময় শিল্পীরাও প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিতেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির দিকে আপনি কীভাবে তাকান?
যোগেন চৌধুরী: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হতাশাজনক, উদ্বেগজনক ও অনিশ্চিত। ভারতে গণতন্ত্র এবং মানবাধিকারের নীতি আজ হুমকির মুখে। আমার আশঙ্কা, বর্তমান সরকার যদি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে। এমন সব অভূতপূর্ব পরিবর্তন ও ঘটনা ঘটতে পারে, যা এখনই আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। তবে একটি বিষয় নিশ্চিত—বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় পুঁজিপতিরা আরও শক্তিশালী হয়ে উঠবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকবে না, সাধারণ মানুষও স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ হারাবে।

পরিচিতি
যোগেন চৌধুরী প্রখ্যাত চিত্রশিল্পী। জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৩৯ বর্তমান বাংলাদেশের ফরিদপুরের ডাহারপাড়া গ্রামে। দেশভাগের পর তার পরিবার কলকাতায় চলে যায়। তিনি কলকাতার সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে চিত্রকলায় পড়াশোনা করেন। পরে ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে প্যারিসে চারুকলা বিষয়ে উচ্চশিক্ষা নেন। কালি, জলরং ও প্যাস্টেল রঙে আঁকা মানুষের অভিব্যক্তিপূর্ণ অবয়ব তার শিল্পকর্মের বিশেষ বৈশিষ্ট্য। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ ও কালিদাস সম্মানসহ বহু পুরস্কার পেয়েছেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। ২৫ অক্টোবর ২০২৬ সালে ৮৭ বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








