মানুষের শরীরে এখনো বেঁচে আছে কয়েক হাজার বছর আগের এক প্রাচীন প্রজাতির জিনগত উত্তরাধিকার। সেই উত্তরাধিকার শুধু আমাদের অতীতের গল্পই বলে না, আধুনিক মানুষের মস্তিষ্কের গঠন ও কিছু মানসিক রোগের ঝুঁকিতেও প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া এমন একটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছেন, যা মানুষের মস্তিষ্কের আয়তন সামান্য কমায়। একই সঙ্গে এটি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী জীববিজ্ঞানী সভান্তে প্যাবো। নিয়ান্ডারথালদের জীবাশ্ম থেকে প্রাচীন ডিএনএ সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন, বিবর্তনের বিভিন্ন পর্যায়ে নিয়ান্ডারথালদের সঙ্গে আধুনিক মানুষের প্রজনন ঘটেছিল। তাদের মধ্যে সন্তানও জন্মেছিল। ফলে আধুনিক মানুষের জিনে নিয়ান্ডারথালদের কিছু জিনগত বৈশিষ্ট্য রয়ে গেছে।
নতুন গবেষণায় শনাক্ত করা জিনগত পরিবর্তনটি খুবই ছোট। মানুষের সম্পূর্ণ জিনোমে প্রায় ৩০০ কোটি রাসায়নিক অক্ষর রয়েছে। এর মধ্য থেকে মাত্র চারটি ডিএনএ অক্ষর বাদ পড়ার সঙ্গে এই পরিবর্তনটি সম্পর্কিত।
নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষের জিনোমের প্রায় ৯৯ শতাংশের মিল রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, বাকি সামান্য পার্থক্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অনেক রহস্য।
গবেষণায় দেখা গেছে, জিনগত পরিবর্তনটি ডিএএএম১ নামের একটি জিনের কাছাকাছি অবস্থিত। মস্তিষ্কের বিকাশে এই জিনের ভূমিকা রয়েছে। তবে পরিবর্তনটি সরাসরি কোনো প্রোটিনের গঠন বদলে দেয় না। বরং জিনের কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে বলে মনে করছেন গবেষকেরা।
নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া এই জিনগত পরিবর্তনের একটি অনুলিপি থাকলে মস্তিষ্কের আয়তন গড়ে প্রায় শূন্য দশমিক ৮৫ ঘন সেন্টিমিটার কম হতে পারে। আর দুটি অনুলিপি থাকলে এই পার্থক্য বেড়ে দাঁড়ায় প্রায় ১ দশমিক ৭ ঘন সেন্টিমিটারে।
এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় মস্তিষ্কের পেছনের অংশে অবস্থিত অক্সিপিটাল লোবে। বিশেষ করে বাম পাশের কিউনিয়াস নামের অংশে এর প্রভাব স্পষ্ট। দৃষ্টিশক্তি প্রক্রিয়াকরণের সঙ্গে এই অঞ্চলটি যুক্ত। গবেষকদের মতে, এ ধরনের চারটি পরিচিত জিনগত পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটি ওই অঞ্চলের আয়তনে সবচেয়ে বড় প্রভাব ফেলে।

গবেষণাটি সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের সাময়িকী প্রসিডিংস-এ প্রকাশিত হয়েছে।
গবেষকেরা প্রাচীন মানুষের জিনোমের সঙ্গেও নতুন শনাক্ত হওয়া পরিবর্তনটির তুলনা করেছেন। বিশ্লেষণ করা নিয়ান্ডারথালদের পাঁচটি উচ্চমানের জিনোমের সবগুলোতেই এই ডিএনএ পরিবর্তন পাওয়া গেছে। তবে বিশ্লেষণ করা ডেনিসোভানদের দুটি জিনোমে এটি পাওয়া যায়নি।
বিজ্ঞানীদের ধারণা, নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষের সাধারণ পূর্বপুরুষের কাছ থেকে এই পরিবর্তন আসার সম্ভাবনা কম। কারণ, এর সঙ্গে যুক্ত ডিএনএ অংশটি এতটাই দীর্ঘ যে সাধারণ পূর্বপুরুষের জিনে এটি টিকে থাকার কথা নয়।
আফ্রিকার বাইরে নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষের মধ্যে প্রজনন ঘটেছিল। এ কারণে আফ্রিকার বাইরে বসবাসকারী মানুষের জিনোমে নিয়ান্ডারথালদের ডিএনএর সামান্য অংশ পাওয়া যায়। নতুন শনাক্ত হওয়া জিনগত পরিবর্তনটিও আফ্রিকার জনগোষ্ঠীর মধ্যে নেই। ইউরোপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার মানুষের মধ্যে এটি তুলনামূলক বেশি দেখা যায়।
গবেষণাটির গুরুত্বপূর্ণ দিক হলো, নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া একটি ডিএনএ অংশ আধুনিক মানুষের মস্তিষ্কের গঠন এবং সিজোফ্রেনিয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, যাদের মস্তিষ্কের আয়তন কম, তাদের বুদ্ধিমত্তাও কম। গবেষকেরা স্পষ্ট করেছেন, মস্তিষ্কের কোনো একটি অঞ্চলের আকারের সঙ্গে মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে এক করে দেখার সুযোগ নেই।
তবে গবেষণায় একটি বৈপরীত্যও সামনে এসেছে। জীবাশ্ম থেকে পাওয়া নিয়ান্ডারথালদের মাথার খুলির গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেছেন, তাদের অক্সিপিটাল লোব ও দৃষ্টিসংক্রান্ত মস্তিষ্কের অংশ আধুনিক মানুষের তুলনায় বড় ছিল। এমনকি নিয়ান্ডারথালদের মোট মস্তিষ্কের আয়তনও হোমো স্যাপিয়েন্সের তুলনায় বেশি ছিল।
তাহলে নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া একটি জিনগত পরিবর্তন আধুনিক মানুষের মস্তিষ্কের আয়তন কমাচ্ছে কেন?
গবেষকদের ব্যাখ্যা, মস্তিষ্কের আকার ও গঠন নির্ভর করে অসংখ্য জিন এবং অন্যান্য জৈবিক উপাদানের ওপর। ফলে একটি মাত্র জিনগত পরিবর্তন দিয়ে দুটি প্রজাতির মস্তিষ্কের সামগ্রিক পার্থক্য ব্যাখ্যা করা সম্ভব নয়।
গবেষণায় অংশ না নেওয়া স্পেনের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সেসের গবেষক এমিলিয়ানো ব্রুনারও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, গবেষণাটি গুরুত্বপূর্ণ হলেও এর ফলাফলে একটি স্পষ্ট বৈপরীত্য রয়েছে।
ব্রুনার বলেন, গবেষণায় দাবি করা হয়েছে, নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া জিন মানুষের অক্সিপিটাল লোবের আয়তন কমানোর সঙ্গে সম্পর্কিত। অথচ জীবাশ্মের প্রমাণ বলছে, নিয়ান্ডারথালদের এই অংশ আধুনিক মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় ছিল।
গবেষণার লেখকেরাও এই অসংগতির কথা স্বীকার করেছেন। তাদের ধারণা, মস্তিষ্কের এসব অঞ্চলের গঠন আরও অনেক জিনের ওপর নির্ভরশীল হওয়ায় এমন পার্থক্য দেখা যেতে পারে। ব্রুনার আরও একটি সম্ভাবনার কথা বলেছেন। নিয়ান্ডারথালদের কিউনিয়াস অঞ্চল তুলনামূলক ছোট হলেও তাদের অক্সিপিটাল লোবের অন্য অংশগুলো বেশি বিকশিত হয়ে থাকতে পারে।

গবেষণার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রুনার। নোবেলজয়ী সভান্তে প্যাবো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের সদস্য। সে কারণে তিনি নিজের গবেষণাপত্রটি ওই সাময়িকীতে সরাসরি অবদানের মাধ্যমে জমা দিয়েছেন। ব্রুনারের মতে, এ ধরনের প্রক্রিয়ায় গবেষণাপত্রের মূল্যায়ন তুলনামূলক শিথিল হতে পারে।
তিনি বলেন, এত উচ্চমানের সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার ফলাফল যখন সরাসরি জীবাশ্মের প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক এবং গবেষকেরা নিজেরাই সেটিকে অনুসন্ধানমূলক বলে উল্লেখ করছেন, তখন আরও নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন ছিল। বিশেষ করে গবেষণার শিরোনাম ও উপসংহারে যখন বুদ্ধিমত্তা এবং চিকিৎসাবিজ্ঞানের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বেশ জোরালো দাবি করা হয়েছে।
মানুষের বিবর্তনের ইতিহাস তাই কেবল অতীতের কোনো অধ্যায় নয়। প্রাচীন মানুষের কাছ থেকে পাওয়া সামান্য কয়েকটি ডিএনএ অক্ষরও আজকের মানুষের শরীর ও মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। তবে সেই প্রভাবের অর্থ বুঝতে হলে একটি জিনের বাইরেও পুরো জৈবিক ব্যবস্থাকে বিবেচনায় নিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








