একটি মসজিদ কখনো শুধু প্রার্থনার জায়গা নয়। কখনো এটি হয়ে ওঠে ইতিহাসের স্মারক, সংস্কৃতির মিলনস্থল এবং একটি দেশের বৈচিত্র্যের প্রতীক। ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ তেমনই একটি স্থাপনা। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করে প্রাণ দেওয়া মুসলিম সেনাদের সম্মান জানাতে ১০০ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল। শতবর্ষ পেরিয়ে আজও মসজিদটি প্যারিসের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রান্সে মুসলিমদের অবস্থান, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।
গ্র্যান্ড মসজিদ অব প্যারিসের প্রধান কর্মকর্তা শেমস-এদ্দিন হাফিজ মনে করেন, মসজিদটি আন্তধর্মীয় সংলাপ ও ফ্রান্সের বৈচিত্র্যের প্রতীক। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণের কারণে দেশটিতে ধর্মীয় উত্তেজনা বাড়তে পারে বলে তিনি উদ্বিগ্ন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) হাফিজ বলেন, ‘মুসলমানদের জাতীয় সম্প্রদায়ের অংশ হিসেবে দেখার দায়িত্ব সবার।’
শুক্রবার মসজিদের শতবর্ষ উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশ নিতে প্যারিসের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন। তাদের কেউ ফ্রান্সে জন্মেছেন, কেউ আবার কয়েক দশক আগে আলজেরিয়া, সেনেগালসহ বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন। তাদের অনেকের পূর্বপুরুষের সঙ্গে ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাস জড়িয়ে আছে।
প্যারিসের পর্যটন দপ্তরের ওয়েবসাইটেও মসজিদটিকে শহরের অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে তুলে ধরা হয়েছে। এর কারুকার্যখচিত নামাজের কক্ষ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
স্পেনের গ্রানাডার আলহামরা প্রাসাদের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর ৩৩ মিটার উঁচু মিনার থেকে সেইন নদীর দৃশ্য দেখা যায়। কাছেই অবস্থিত নটর ডেম ক্যাথেড্রালের দুটি সুউচ্চ মিনারের পাশে মসজিদটির স্থাপত্য প্যারিসের ঐতিহাসিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। এখানে রয়েছে জনপ্রিয় চায়ের দোকান ও হাম্মাম বা বাষ্পস্নানের ব্যবস্থা।
তবে পর্যটন আকর্ষণের বাইরেও মসজিদটির রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্ব। এটি মুসলমানদের উপাসনালয় এবং প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ দেওয়া সেনাদের স্মৃতিবাহী স্থাপনা।

হাফিজ জানান, প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সকে রক্ষা করতে গিয়ে ভার্দাঁসহ বিভিন্ন রণক্ষেত্রের পরিখায় প্রাণ হারানো মুসলিম সেনাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতেই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের অধিকাংশই এসেছিলেন আফ্রিকার বিভিন্ন উপনিবেশ থেকে।
মসজিদটির ইতিহাসের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মানবিক অধ্যায়ও জড়িয়ে আছে। নাৎসি বাহিনীর প্যারিস দখলের সময় মসজিদের ইমাম আবদেলকাদের মেসলি ইহুদিদের আশ্রয় দিয়েছিলেন। তাদের রক্ষার জন্য জাল পরিচয়পত্র সরবরাহের ব্যবস্থাও করেছিলেন। এ কারণে পরে তাকে ধরে নিয়ে নাৎসিদের বন্দিশিবিরে পাঠানো হয়। হাফিজের ভাষ্য অনুযায়ী, মেসলি প্রাণে বেঁচে ফিরলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক বছর পর মারা যান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার এসব কর্মকাণ্ডের কথা দীর্ঘদিন আড়ালে ছিল। ২০১৫ সালে পরিবারের সদস্যরা তার রেখে যাওয়া নোটবই খুঁজে পাওয়ার পর সেই ইতিহাস নতুন করে সামনে আসে।
মসজিদটির উদ্বোধনের সময় ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট গাস্তোঁ দ্যুমেরগ বলেছিলেন, দেশের বৈচিত্র্য জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে পারে। হাফিজের মতে, ১৯২৬ সালে দেওয়া সেই রাজনৈতিক বার্তার মূল বক্তব্য এখনো বদলায়নি।
তবে বাস্তব পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। তার অভিযোগ, ফ্রান্সে এখনো মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ ও বৈষম্য ঘটে। ইসলাম সম্পর্কে ভুল ধারণা এবং মুসলমানদের নিয়ে আলোচনা অনেক সময় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।
বর্তমানে ইসলাম ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু জনসংখ্যায় উল্লেখযোগ্য অংশ হওয়ার পরও দেশটির মুসলমানদের অনেকেই সমাজে পূর্ণ গ্রহণযোগ্যতা পান না। বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয় তাদের।
গত এক দশকে ফ্রান্সে কয়েকটি প্রাণঘাতী ইসলামি উগ্রপন্থী হামলার পর মুসলমানদের প্রতি নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। এর মধ্যে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনৈতিক প্রচার চলছে। নির্বাচনী আলোচনায় ডানপন্থী নেতা মারিন ল্য পেন ও তার দল ন্যাশনাল র্যালি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দলটি ইসলাম ও অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত।
গ্র্যান্ড মসজিদের স্বেচ্ছাসেবী ফাতমা শুশান মনে করেন, মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। ফ্রান্সের স্কুল ও কিছু কর্মক্ষেত্রে মুসলিম নারীদের মাথায় হিজাব পরার ওপর বিধিনিষেধ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি ফ্রান্সের কাছে অনুরোধ করব, এসব মানুষকে তাদের মতো থাকতে দেওয়া হোক। তারা যেন নিজেদের ধর্মীয় সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন।’
তবে শতবর্ষের প্রার্থনায় অংশ নেওয়া অন্যদের মতো তিনিও শেষ পর্যন্ত সহনশীলতা ও সম্প্রীতির বার্তাকেই গুরুত্ব দিয়েছেন।

তার ভাষায়, ‘এটি একটি প্রতীক। মুসলমানদের জন্য এটি প্যারিসের জাদুঘরের মতো। আমাদের সবার মধ্যে সংহতি থাকা প্রয়োজন।’
সেনেগাল থেকে ফ্রান্সে আসার পর প্রথম যে জায়গাগুলো তিনি ঘুরে দেখেছিলেন, তার মধ্যে এই মসজিদ অন্যতম বলে জানান ইব্রাহিমা সিয়ে। তার কাছে মসজিদটি মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি আশ্রয়স্থল।
তিনি বলেন, ‘এটি সব সময় সবার জন্য খোলা থাকে। মুসলিম সম্প্রদায়ের জন্য এটি ভালো একটি জায়গা। আমি দেখেছি, অনেক পর্যটকও মসজিদটিকে পছন্দ করেন।’
এক শতাব্দী আগে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া মুসলিম সেনাদের স্মরণে যে মসজিদ নির্মিত হয়েছিল, তা আজ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়। এটি ফ্রান্সের ঔপনিবেশিক অতীত, যুদ্ধের ইতিহাস, অভিবাসন, ধর্মীয় পরিচয় ও সহাবস্থানের গল্প বহন করছে। শতবর্ষে দাঁড়িয়ে মসজিদটি যেন মনে করিয়ে দিচ্ছে, একটি দেশের বৈচিত্র্যকে স্বীকার করাই তার সামাজিক ঐক্যকে শক্তিশালী করার অন্যতম পথ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








