রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত গণহত্যায় ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমটিকে ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছিল। মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির প্রভাবশালী ব্যক্তিরা পরিকল্পিতভাবে এসব বার্তা ছড়িয়েছিলেন। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক রায়ে উঠে এসেছে এসব তথ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আদালত বলেছে, ২০১৭ সালে মিয়ানমার রাষ্ট্র রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। রায়ের ১৯১ পৃষ্ঠায় ৩৫ বার ফেসবুকের প্রসঙ্গ এসেছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমটিকে ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছিলেন। এসব প্রচারণা জাতিগত নিধন অভিযানের পথ তৈরি করতে সহায়তা করেছিল।
রায়ে ফেসবুকে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওকে প্রমাণ হিসেবে বিবেচনা করেছে আদালত। এর মধ্যে ২০১৭ সালের ২৮ আগস্ট সেনাবাহিনীর একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি সেনাবাহিনীর অন্তত চারটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল। এতে দেখা যায়, পোশাক পরা এক সেনাসদস্য একদল মানুষের সামনে সামরিক অভিযানের পরিকল্পনা ব্যাখ্যা করছেন। ভিডিওটি প্রকাশিত হয়েছিল চুত পিয়িন ও মং নু এলাকায় জাতিগত নিধন অভিযান শুরুর পরদিন।
আদালতের রায়ে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ফেসবুকের দুটি পেজে প্রকাশিত আরেকটি বার্তার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল, ‘জিহাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে আপনারা কী করছেন?’

বার্তাটিতে দাবি করা হয়, মুসলমানেরা জিহাদের নামে হত্যাকাণ্ড ও বাড়িঘরে আগুন দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশল তৈরি করেছে। এর মাধ্যমে মিয়ানমারের সব জাতিগোষ্ঠীকে সংঘবদ্ধভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে বলেও প্রচার করা হয়েছিল।
আদালত বলেছে, সেনাবাহিনীর ফেসবুক অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা ছিল অনেক। বেসামরিক জনগোষ্ঠীর মধ্যেও এর ব্যাপক প্রভাব ছিল। ওই অ্যাকাউন্টের অনেক বার্তায় রোহিঙ্গাদের অমানবিকভাবে উপস্থাপন করা হয়েছিল। তাদের অন্য জাতিগোষ্ঠীর অস্তিত্ব, ধর্মীয় পরিচয় ও বৌদ্ধধর্মের জন্য সহিংস হুমকি হিসেবে তুলে ধরা হয়। কোনো কোনো বার্তায় রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর উসকানি দেওয়া এবং সেই সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
২০১৮ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার দায় স্বীকার করেছিল ফেসবুক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র স্বীকার করেন, এ ধরনের প্রচারণা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা অনেক দেরি করেছে।
তিনি বলেন, ‘আমাদের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপত্তিকর, বিদ্বেষমূলক ও মিথ্যা তথ্য শনাক্ত এবং ছড়িয়ে পড়া ঠেকাতে প্রযুক্তি ও সরঞ্জামের উন্নয়নে আমরা কাজ করছি।’
ফেসবুকের এই স্বীকারোক্তির প্রায় এক মাস আগে মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি সামাজিক যোগাযোগমাধ্যমটিকে ‘দানব’ হিসেবে অভিহিত করেছিলেন। তার অভিযোগ ছিল, ফেসবুক রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও ঘৃণা ছড়াতে ভূমিকা রেখেছে।
বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল, মিয়ানমারের সরকার ও সেনাবাহিনী দেশটির সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে সরকারি ঘোষণা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করত। ওই বছরের জানুয়ারিতে রোহিঙ্গাবিরোধী বক্তব্যের জন্য পরিচিত বৌদ্ধ ভিক্ষু উইরাথুর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক। পাশাপাশি মুসলিম সংখ্যালঘুদের অবমাননা করতে ব্যবহৃত ‘কালার’ শব্দটির ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। তবে এসব পদক্ষেপ যথেষ্ট ছিল না।
তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, মানুষ হত্যার সরাসরি উসকানি দেওয়া বার্তা কীভাবে সপ্তাহের পর সপ্তাহ ফেসবুকে ছড়িয়ে পড়ল? কনটেন্ট যাচাইয়ের কোন ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছিল?
২০১৭ সালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিপুলসংখ্যক কর্মী কনটেন্ট যাচাইয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের কাজ ছিল আপত্তিকর ও বেআইনি বার্তা শনাক্ত করে সেগুলোর প্রচার বন্ধ করা। কিন্তু এসব কর্মীর অধিকাংশই ইংরেজি ভাষার কনটেন্ট পর্যবেক্ষণ করতেন। ব্যবহারকারীর সংখ্যা ও বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর আকার বিবেচনায় নিয়ে কর্মী নিয়োগ করা হতো।
মিয়ানমারের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা বর্মি ভাষার কনটেন্ট যাচাইয়ের জন্য ফেসবুকে কতজন কর্মী নিয়োজিত ছিলেন, তা প্রকাশ করা হয়নি। তবে ২০১৮ সালে ক্ষমা চাওয়ার সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্মি ভাষার কনটেন্ট যাচাইয়ের দায়িত্বে থাকা দলে আরও কয়েক ডজন কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০২২ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের হত্যাযজ্ঞের কয়েক মাস ও বছর আগে থেকেই মিয়ানমারে ফেসবুক রোহিঙ্গাবিরোধী প্রচারণার প্রতিধ্বনি কেন্দ্রে পরিণত হয়েছিল।
প্রতিবেদনটিতে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো ফেসবুকে মুসলিমবিরোধী কনটেন্ট ছড়িয়ে দিয়েছিল। তারা দেশটিতে মুসলমানদের ক্ষমতা দখলের আশঙ্কা নিয়ে অপতথ্য প্রচার করত এবং রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে তুলে ধরত।
অ্যামনেস্টির প্রতিবেদনে এমন একটি পোস্টের উদাহরণ দেওয়া হয়েছে, যা এক হাজারের বেশি বার শেয়ার করা হয়েছিল। ওই পোস্টে একজন মুসলিম মানবাধিকারকর্মীকে ‘জাতীয় বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেওয়া হয়। পোস্টটির মন্তব্যে ছিল হুমকি ও বর্ণবাদী বক্তব্য।

একটি মন্তব্যে বলা হয়েছিল, ‘সে মুসলমান। মুসলমানেরা কুকুর, তাদের গুলি করা উচিত।’ আরেকটি মন্তব্যে লেখা হয়েছিল, ‘তাকে বাঁচতে দেওয়া যাবে না। তার পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দাও। সময় ফুরিয়ে আসছে।’
রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর এই প্রচারণা শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে বাস্তবের ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। ২০১৭ সালের সেই অভিযানে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হন, হাজার হাজার নারী ধর্ষণের শিকার হন এবং প্রায় ৭ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








