লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরাইলের দাবি, নিহত তিনজনের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর গোয়েন্দা বাহিনীর সদস্য।
শনিবার (২৮ মার্চ) ‘আল মায়াদিন’ এবং ‘আল মানার’ তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
লেবাননের সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী শোয়াইব এবং ইরান-সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। একইসঙ্গে নিহত হয়েছেন ফাতুনির ভাই—তিনি চিত্রগ্রাহক ছিলেন।
শোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধবিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরাইলি হামলার খবর কভার করেছেন।
ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা শোয়াইবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তিনি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য।
লেবাননে গত ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। যদিও বেসামরিক স্থাপনায় চালানো হামলায় সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটছে।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









