ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে। বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে লেবাননের মালিকিয়াহ ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান।
কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। খবর আল–জাজিরার।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় শেষের পথে।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামরিক লক্ষ্যগুলো অর্জনে ওয়াশিংটন চাপ অব্যাহত রাখায় আগামী দুই থেকে তিন সপ্তাহ দেশটিকে (ইরান) অত্যন্ত ভয়াবহ হামলা সইতে হবে।
ইরানের বর্তমান নেতৃত্বকে তাদের পূর্বসূরিদের চেয়ে ‘কম কট্টর ও অনেক বেশি যুক্তিবাদী’ হিসেবে অভিহিত করে সংঘাত অবসানে কোনো একটি চুক্তির পথে হাঁটার আভাস দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ওয়াশিংটন দেশটির বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা নিশানায় রাখবে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









