ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ এবং কয়েক ডজন সৈন্য মোতায়েন করেছিল ইসরাইল। এ বিষয়ে অবগত এক ইসরাইলি সূত্রের মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপের পর দেশটির সেনাবাহিনীকে একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি এবং প্রতিরক্ষা দল পাঠানোর নির্দেশ দেন।
এই পদক্ষেপ দুই দেশের মধ্যে নজিরবিহীন সামরিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর থেকেই ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান এই যুদ্ধে অঞ্চলটির অন্য যেকোনো দেশের তুলনায় আমিরাতকেই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করে। দেশটির ওপর ৫৫০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২ হাজার ২০০ ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে ৯০ শতাংশের বেশি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি আমিরাতের।
‘আয়রন ডোম’ হলো ইসরাইলের তৈরি একটি স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম।
ইসরাইল -এর আগে বিভিন্ন দেশে এই প্রযুক্তি বিক্রি করলেও সরাসরি অন্যদেশে মোতায়েন করে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









