জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে সংঘটিত দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক-এর আদালতে তার পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশনের এসআই শাহ আলম।
মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অন্যদিকে, পৃথক মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









