জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সোমবার (২২ জুন) রায় ঘোষণার জন্য মঙ্গলবার (৩০ জুন) দিন নির্ধারণ করেন। এর আগে ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বর্তমানে ইনু কারাগারে রয়েছেন এবং এ মামলায় তিনিই একমাত্র আসামি।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
গত বছরের ২৫ মার্চ এ ঘটনার তদন্ত শুরু হয়। পরে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।
মামলায় প্রসিকিউশনের পক্ষে ১০ জন এবং আসামিপক্ষে দুইজন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ১৩ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে ১৩ মে শেষ হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় নিহত ছয়জন হলেন— শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









