২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্ত প্রতিবেদনে আসামিদের তালিকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নাম রয়েছে।
এ ছাড়া তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষ পর্যায়ে থাকায় মোট নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এ দিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। রোববার সকালে সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।
ওই অভিযানে বহু মানুষের মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









